২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক শক্তিই হরতাল ঠেকাবে: মুহিত

বাংলাদেশের অর্থনৈতিক শক্তিই ভবিষ্যতে হরতাল করতে বাধা দেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 04:14 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের অর্থনৈতিক শক্তিই ভবিষ্যতে হরতাল করতে বাধা দেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার রাজধানীর হাটখোলায় নির্মিতব্য এফবিসিসিআই ভবনের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে তিনি বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, “আপনি বেশিদিন হরতাল চালাতে পারবেন না। অর্থনীতির যে শক্তি এ দেশে আছে, সে শক্তি আপনাকে হরতাল বন্ধ করতে বাধ্য করবে।” “বাংলাদেশের অর্থনীতি যে অবস্থানে আছে, এ অবস্থান থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই,” যোগ করেন মুহিত। গত দুই সপ্তাহে বিরোধী দলের পাঁচ দিনের হরতালের পর আন্দোলনের কঠোর কর্মসূচির হুমকির মধ্যে অর্থমন্ত্রী এই কথা বলেন। আগামী বাজেট প্রসঙ্গে মুহিত বলেন, “আমরা গতবার যে বাজেট করেছিলাম, তার প্রায় পুরো লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আগামী বাজেটেরও সমস্ত লক্ষ্যমাত্রা অর্জিত হবে।” অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দেন। তিনি বলেন, “সরকার ব্যাংক থেকে প্রচুর ঋণ নেওয়ায় দেশের তারল্য সঙ্কট বাড়ছে। এই অবস্থায় বর্তমান বিনিয়োগ নিয়ে আমরা চিন্তিত, সামনে এগোবো কি না? তার ওপর আবার রাজনৈতিক অস্থিরতা, বিদেশিরা তো আসবেই না।” হরতালের মতো কর্মসূচি বন্ধে সরকার ও বিরোধী দলকে একমত হওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম হোসেন, সালমান এফ রহমান, আনিসুল হক, বর্তমান সহসভাপতি জসিম উদ্দিন, মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএইচএ/এমআই/২২১৫ ঘ.