২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি আরও কমবে: আতিউর

এপ্রিলে মূল্যস্ফীতি এক অংকের ঘরে নামার পর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের গর্ভনর জানিয়েছেন, মুদ্রানীতির কারণেই তা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির কারণেই মূল্যস্ফীতি কমছে বলে দাবি করেছেন গভর্নর আতিউর রহমান। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শনিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে তাতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এপ্রিল মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। এর প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গভর্নর বলেন, “মূল্যস্ফীতি এক অংকের ঘরে নামিয়ে আনার লক্ষ্যকে সামনে রেখে গত জানুয়ারি মাসে আমরা (বাংলাদেশ ব্যাংক) জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করেছিলাম। এ কারণেই মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। আগামীতে তা আরও কমবে।” এক বছরেরও বেশি সময় পর মূল্যস্ফীতি এক অংকের ঘরে (১০ শতাংশের নিচে) নেমে এসেছে। এর আগে ২০১১ সালের ফেব্র“য়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৯ শতাংশ। গত মার্চে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১ শতাংশ। গভর্নর বলেন, “জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতির ভঙ্গিটাই ছিল মূল্যস্ফীতির রাশ টেনে ধরা। জুলাই-ডিসেম্বর মেয়াদের যে মুদ্রানীতি ঘোষণা করা হবে তার ভঙ্গিও একই রকম থাকবে। সেক্ষেত্রেও আমরা সফল হবো বলে মনে করি।” গত জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-জুন মেয়াদের যে মুদ্রানীতি ঘোষণা করেছিল তাতে মূল্যস্ফীতি এক অংকের ঘরে নামিয়ে আনতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছিল। ঐ সময় বেসরকারি খাতে ঋণপ্রবাহের হার ছিল ২৪ শতাংশের কাছাকাছি। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির প্রতিফলন ঘটাতে বাজারে টাকার সরবরাহ কমাতে বিলাসবহুল পণ্যের আমদানি নিরুৎসাহিত করাসহ নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়। গভর্নর বলেন, “বিবিএস সর্বশেষ (শনিবার) মুল্যস্ফীতির যে তথ্যপ্রকাশ করেছে তাতে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। এটা খুবই ভালো লক্ষণ। বোরো ধান উঠতে শুরু করেছে। এবারও বোরোর বাম্পার ফলন হবে বলে সবাই বলছে। সে হিসাবে বাজারে চালের দাম আরও কিছুটা কমবে বলে আশা করা যায়। সে বিবেচনায় আমরা এটা আশা করতেই পারি যে, আগামী দিনগুলোতে মূল্যস্ফীতি আরও কমবে।” বিবিএসের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১২ শতাংশ, যা মার্চে ছিল ৮ দশমিক ২৮ শতাংশ। এপ্রিলে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। মার্চে তা ছিল ১৩ দশমিক ৯৬ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৭৩৫ ঘ.