২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা আসছে

টেলিযোগাযোগ গেটওয়ের নতুন লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য কল আদান-প্রদানের সংখ্যা বেঁধে দেওয়ার পাশাপাশি ‘আধুনিক বিলিং পদ্ধতি’ চালু বাধ্যতামূলক করতে যাচ্ছে বিটিআরসি। শামীম আহমেদের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 03:15 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ গেটওয়ের নতুন লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দেশনা জারি করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, যাতে একসঙ্গে কল আদান-প্রদানের সংখ্যা বেঁধে দেওয়া ছাড়াও ‘আধুনিক বিলিং পদ্ধতি’ চালু বাধ্যতামূলক করা হচ্ছে। বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বলছেন, বিপুল সংখ্যাক গেটওয়ে লাইসেন্স দেওয়ার কারণে টেলিকম খাতের ভারসাম্য যাতে নষ্ট না হয়- তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কল শেয়ারিং, রেভিনিউ শেয়ারিং ও অন্যান্য বিষয়ে নতুন গেটওয়ে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান ও পুরনো অপারেটরদের নিয়ে বিটিআরসি কয়েক দফা বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। গত ১২ এপ্রিল ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) জন্য ২২টি, ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) জন্য ২২টি এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য ৩৪টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বিটিআরসি। বিটিআরসি শুরু থেকেই এতো বেশি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিরোধিতা করে আসছিল। এ খাতের অন্য অপারেটররাও অভিযোগ করে আসছে, এতো বেশি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিলে বাজার ভারসাম্য নষ্ট হবে। নির্দেশনা বিটিআরসি চেয়ারম্যান জানান, নতুন লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর জন্য ‘আধুনিক বিলিং সিস্টেম’ চালু করা বাধ্যতামূল করা হচ্ছে। এ ব্যবস্থা চালু না করলে এসব প্রতিষ্ঠান যন্ত্রপাতি আমদানির অনুমতি পাবে না। তিনি বলেন, অবৈধ কল প্রতিরোধ ও কল রেকর্ড যাচাই করার জন্য এসব প্রতিষ্ঠানে ‘সিডিআর এনালাইজার’ চালু করতে হবে। গেটওয়ে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কতগুলো কল আদানপ্রদান করতে পারবে- সেই সংখ্যাও বেঁধে দিয়েছে বিটিআরসি। আইজিডব্লিউ লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো একসঙ্গে ৫ হাজার কল নিতে পারবে। তাদের কেবল ওই ধরনের যন্ত্রপাতি আমদানিরই অনুমতি দেওয়া হবে। পুরনো ৩টি আইজিডব্লিউ একসঙ্গে ২০ হাজার কল নিতে পারতো। এছাড়া নতুন আইসিএক্সগুলো একইসঙ্গে ৪০০ ই-১ (একটি ই-১ এর মাধ্যমে ৩০টি কল আন্তঃসংযোগ করা যায়) বেশি কল আন্তঃসংযোগ করতে পারবে না। পুরোন আইসিএক্সগুলো একইসঙ্গে ১২ শ’ ই-১ পর্যন্ত অথাৎ, ৩৬ হাজার কল আন্তঃসংযোগ করতে পারত। এতে করে যন্ত্রপাতি আমদানির খরচ অনেক কমে আসবে বলে বিটিআরসি চেয়ারম্যান জানান। আইসিএক্স হলো বিভিন্ন ভয়েস অপারেটরের মধ্যে আন্তঃসংযোগের ব্যবস্থা। বর্তমানে সব ভয়েস অপারেটর তিনটি আইসিএক্সের (বিটিসিএল, গেটকো ও এমঅ্যান্ডএইচ) সঙ্গে যুক্ত। আইসিএক্সগুলো আন্তর্জাতিক কলগুলো আদান-প্রদানের জন্যে আইজিডব্লিউর সঙ্গে সংযুক্ত থাকে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), মীর টেলিকম, নভোটেল, বাংলা ট্র্যাক বর্তমানে আইজিডব্লিউ সেবা দেয়। বর্তমানে আইআইজি সেবা দিচ্ছে ম্যাংগো এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে ব্যান্ড উইডথ বিক্রি করাই তাদের মূল কাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/৯০১১ ঘ.