২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ:মুদ্রাস্ফীতি ঠেকাতে ব্যাংকের দ্বারস্থ সরকার

ঋণ গ্রহণের বর্ধিত লক্ষ্যমাত্রা স্থির করার প্রেক্ষাপটে মূল্যস্ফীতির রাশ টেনে ধরতে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা কমিয়ে তফসিলী ব্যাংক থেকে ঋণ বাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 04:56 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ গ্রহণের বর্ধিত লক্ষ্যমাত্রা স্থির করার প্রেক্ষাপটে মূল্যস্ফীতির রাশ টেনে ধরতে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা কমিয়ে তফসিলী ব্যাংক থেকে ঋণ বাড়িয়েছে। সরকারের এই চেষ্টায় কিছুটা ফল মিললেও বিশেষজ্ঞরা বলছেন, ঋণ করে চলা অব্যাহত রাখলে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। এপ্রিল মাসে সরকার ঋণ গ্রহণের নতুন লক্ষ্যমাত্রা ঠিক করে। আগের লক্ষ্যমাত্রার ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা থেকে বাড়িয়ে সংশোধিত বাজেটে তা ২৭ হাজার কোটি টাকা করা হয়েছে। গত অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ২০ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার। যা মূল বাজেটের চেয়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ও সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার কোটি টাকা বেশি ছিল। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার মোট ১৬ হাজার ৬৬৮ কোটি ৫৩ লাখ টাকা ঋণ করেছে। যার মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া হয়েছে দুই হাজার ৮২১ কোটি ১৩ লাখ টাকা। আর তফসিলী ব্যাংকগুলো থেকে নেয়া হয়েছে ১৩ হাজার ৮৪৭ কোটি ৪০ লাখ টাকা। পাঁচ মাস আগে চিত্রটা ছিল উল্টো। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার ছিল বেশি। আর ব্যাংকগুলো থেকে ছিল কম। তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ব্যাংক ব্যবস্থা সরকারের নেয়া ঋণের পরিমাণ ছিল ১৯ হাজার কোটি টাকা। যার মধ্যে ১১ হাজার কোটি টাকাই ছিল কেন্দ্রীয় ব্যাংকের। সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ না নিয়ে তফসিলি ব্যাংকগুলো থেকে নিলে উদ্দেশ্য হয়তো কিছুটা পূরণ হবে। “তবে ব্যাংকগুলো থেকে ঋণ বেড়ে গেলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে। যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ তথা অর্থনীতিতে।” সাবেক গভর্নর বলেন, “কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি ঋণ গ্রহণ আত্মহত্যার শামিল। আমি মনে করি ব্যাংক ব্যবস্থা থেকেই সরকারের ঋণ যথাসম্ভব কমিয়ে আনা উচিৎ।” অন্য উৎস যেমন, রাজস্ব আদায় বৃদ্ধি ও বিদেশী ঋণ-সহায়তার প্রবাহ বাড়ানোর দিকে সরকারের মনোযোগ দেয়া উচিৎ বলে মনে করেন করেন তিনি। রিজার্ভ মানি বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক সরকারের চাহিদা মেটালে বড় মূল্যস্ফীতিকে ডেকে আনা হয় বলে অর্থশাস্ত্রে বলা হয়। বলা হয়, এ পদ্ধতিতে ১০০ টাকা বাজারে ছাড়লে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তা পৌনে পাঁচশ (মানি মাল্টিপ্লায়ার বর্তমানে ৪ দশমিক ৭৫) টাকার ক্রয়ক্ষমতা তৈরি করে। ফলে বড় হারে বাড়ে মূল্যস্ফীতি, বাড়ে জিনিসপত্রের দাম। সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য সরকারকে প্রচুর জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে। আর বাড়তি অর্থ যোগান দিতে গিয়েই সরকারকে ব্যাংক থেকে ধার করতে হচ্ছে।” বড় অঙ্কের ধার দিয়েই চলতি অর্থবছর শুরু করে সরকার। দৈনন্দিন ব্যয় মেটাতে নতুন অর্থবছরের মাত্র ১০০ দিনে ব্যাংক থেকে সরকারের ধারের পরিমাণ দাঁড়ায় সাড়ে নয় হাজার কোটি টাকা। চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে গোটা বছরে ব্যাংক খাত থেকে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা ঋণ নেবে বলে লক্ষ্যমাত্রা ধরেছিল সরকার। ছয় মাসের মাথায় অর্থ্যাৎ ডিসেম্বর শেষে সরকারের ধারের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২০ হাজার ৪০০ কোটি টাকায় দাঁড়ায়। এক পর্যায়ে তা ২২ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকে। যার অর্ধেকেরও বেশি ছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া। এ কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। অর্থনীতিবিদদের পাশাপাশি বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে এর সমালোচনা করেন। এর পর ব্যাংক থেকে সরকারের ধারের পরিমাণ কমতে থাকে। গত তিন মাস ধরে ঋণের পরিমাণ ১৫ হাজার থেকে ১৮ হাজার কোটি টাকার মধ্যে উঠানামা করে। ওই ঋণের অর্ধেকটাই ছিল বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ। গত দশ মাস ধরে মূল্যস্ফীতি দুই অংকের ঘরে অবস্থান করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১০৫১ ঘ.