২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহুজাতিক কোম্পানির লেনদেনে স্বচ্ছতা বাড়াতে উদ্যোগ

বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনে স্বচ্ছতা বাড়াতে ‘ট্রান্সফার প্রাইসিং’কে আইনি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনে স্বচ্ছতা বাড়াতে ‘ট্রান্সফার প্রাইসিং’কে আইনি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “ট্রান্সফার প্রাইসিংকে আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে প্রতিবছর সরকারের ১৮ লাখ ডলার লোকসান হচ্ছে বলে বিভিন্ন হিসাবে বলা হচ্ছে।” একটি বহুজাতিক কোম্পানি তার সহযোগী অন্য কোম্পানির সঙ্গে যে লেনদেন করে সেটিই ‘ট্রান্সফার প্রাইসিং’। স¤প্রতি ক্রিশ্চিয়ান এইডের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৬০ শতাংশ বহুজাতিক কোম্পানিগুলোর নিজেদের মধ্যে হয়। সে হিসেবে ট্রান্সফার প্রাইসিংয়ের অসাধু ব্যবহারের মাধ্যমে ২০০৫ থেকে ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে এক হাজার ১০০ কোটি ডলারের মতো ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনে কালোটাকা সাদা করার সুযোগ নিয়েও কথা বলেন এনবিআর চেয়ারম্যান। আগামী বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, “রাজনৈতিকভাবে যাই বলা হোক না কেন, আমাদের আইনেই অপ্রদর্শিত অর্থের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে তা নিয়মিত অর্থে পরিণত করার বিধান আছে। এক্ষেত্রে প্রশ্ন করা যাবে না।” চলতি অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) কর আদায় পরিস্থিতি তুলেও ধরেন নাসির। তিনি জানান, প্রথম নয় মাসে ৬১ হাজার ৮৫৬ কোটি ৯১ লাখ টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও ৬২ হাজার ৭৩৭ কোটি ২৯ লাখ টাকা কর আদায় করা হয়েছে। এ হিসেবে লক্ষ্যমাত্রার ৬৮ শতাংশ কর আদায় হয়েছে। বাকি ৩২ শতাংশ কর তিন মাসে আদায় হবে। চলতি বাজেটে এ লক্ষ্যমাত্রা রয়েছে ৯১ হাজার ৮৭০ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএইচ/এএল/২১১১ ঘ.