২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ-অবকাঠামোয় বরাদ্দ বৃদ্ধির তাগিদ

আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও অবকাঠামো খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও অবকাঠামো খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় সংসদীয় কমিটির সভাপতিরা এ তাগিদ দেন। তারা বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে আগামী বাজেটের বরাদ্দ বাড়িয়ে ব্যাপক উন্নয়ন করা না হলে পরবর্তী নির্বাচনে জনগণের কাছে ভোটের জন্য যাওয়া যাবে না। সব পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার অংশ হিসেবে অর্থমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের শুরুতেই অর্থমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। পরে সংসদীয় কমিটির সভাপতিরা তাদের বক্তব্য তুলে ধরেন। এতে খাতওয়ারী বিভিন্ন খাতের বিষয়ে আলোচনা হয়। বিদ্যুৎ ছাড়া যেসব বিষয় আলোচনায় বিশেষ গুরুত্ব পায়, তার মধ্যে রয়েছে- সড়কসহ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার, শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা খাতের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শেয়ার বাজারে গতিশীলতা আনতে পদক্ষেপ নেওয়া, কৃষি ও জ্বালানীসহ বিভিন্ন খাতে ভর্তুকি বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রম জোরদার করতে দ্রুত বাজেটের বরাদ্দ ছাড় করা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিদ্যুৎ খাতে অনেক বিনিয়োগ হয়েছে, তবে খুব বেশি উন্নয়ন করা সম্ভব হয়নি। এজন্য আগামী নির্বাচনের আগেই এ খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে নির্বাচনের আগে জনগণের সামনে যাওয়া সম্ভব হবে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বলেন, বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন না হওয়ার অর্থ ব্যর্থতা নয়। সরকার এ খাতের উন্নয়নে কাজ করছে। তবে আগামী বাজেটে এ খাতের জন্য আরো বাজেট বাড়াতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুস সালাম বলেন, বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্র“তি দিলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহ লাইন স্থাপন করতে পারিনি। নির্বাচনের আগেই লাইন দিতে না পারলে এলাকার মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে। ইসরাফিল আলম বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ও উৎপাদন পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কোটি কোটি টাকার বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিতরণ কোনো কাজে আসেনি। সৌর বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমও কাজে আসছে না। সংসদীয় কমিটির সভাপতিরা দ্রুত গতিতে বিদ্যুতের সঞ্চালন ও সরবরাহ লাইন স্থাপন এবং দ্রুত বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ারও তাগিদ দেন। এছাড়া আগামী বর্ষা মৌসুমের আগেই বিভিন্ন সড়ক ও অবকাঠামো মেরামত ও সংস্কারের আগামী বাজেটে অর্থ বরাদ্দ দেওয়ার তাগিদ দেন সভাপতিরা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আগামী বাজেটে বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। অন্য খাতের ভর্তুকি কমানো হবে। চলতি বছরের বাজেট থেকে ভর্তুকির ১০ হাজার কোটি টাকা আগামী বাজেটে স্থানান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২১৮ ঘ.