ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টেয়োন্টিফোর ডটকম)- দেশের তৈরি আসবাবপত্র, পাটজাত পণ্য ও হস্তশিল্পকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তুলতে রাজধানীতে প্রথমবারের মতো একটি মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার।
বৃহস্পতিবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘বাংলাদেশ ফার্নিচার এন্ড ইন্টেরিয়র ডেকর এক্সপো-২০১২’ শিরোনামের এ মেলা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে এ মেলা ২৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনে অর্থমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্রতা কমানোর মাধ্যমে জাতীয় সম্পদ বৃদ্ধি। এ কারণেই জাতীয় নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে রপ্তানি খাতে জোর দেওয়া হয়।”
আসবাবপত্র শিল্প, পাট শিল্প এবং হস্তশিল্পকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “এ শিল্পকে সামনে এগিয়ে নিতে বিশেষ শুল্ক সুবিধা দেয়া যায় কি না সরকার তা নিয়ে চিন্তা করবে।”
দেশের বৈদেশিক লেনদেন বাড়ছে উল্লেখ করে মুহিত বলেন, “১০ বছর আগেও অর্থনীতির অবস্থা এমন ছিলো না। বর্তমান অর্থবছরে (২০১১-১২) দেশের সর্বোচ্চ বৈদেশিক লেনদেন সম্ভব হয়েছে। লেনদেনের পরিমাণ ৩৪ শতাংশ থেকে বর্তমানে ৬০ শতাংশে উন্নীত হয়েছে।”
মেলায় ১৩টি আসবাবপত্র সরবরাহকারী প্রতিষ্ঠানসহ ৪০টি পাটজাত পণ্য ও হস্তশিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
আয়োজকরা জানান, দেশের বাইরের ক্রেতাদের কাছে দেশীয় পণ্য প্রদর্শনই মেলার মূল উদ্দেশ্য।
আয়োজকরা মেলায় প্রায় ১০ হাজার দর্শক সমাগম আশা করছেন।
বিডিনিউজ টেয়োন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২০২৮ ঘ.
bdnews24