ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় শিল্প রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা করার অনুরোধ জানিয়েছে পোশাক প্রস্তুককারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
এছাড়া মুন্সীগঞ্জে প্রস্তাবিত গার্মেন্ট শিল্প পার্ক স্থাপনে দ্রুত ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন সংগঠনের নেতারা। তারা বিষয়টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বিষয়টি উপস্থাপনের জন্যে মন্ত্রীকে অনুরোধ জানান।
পোশাক শিল্পের যেসব খাত এখনো পুরোপুরি গড়ে ওঠেনি, সেসব খাতে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার পরামর্শও দিয়েছে সংগঠনটি।
শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার সঙ্গে বৃহস্পতিবার দুপুরে এক বৈঠকে এ অনুরোধ জানায় তারা।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বৈঠকে বলেন, “মুন্সীগঞ্জের গজারিয়ায় তিনশ একর জমিতে গার্মেন্টস শিল্প পার্ক স্থাপনের যে পরিকল্পনা রয়েছে, সেটি পরবর্তী একনেকে অনুমোদনের ব্যবস্থা নিন।”
এটি হলে রাজধানী থেকে পোশাক প্রস্তুতের কারখানাগুলো স্থানান্তরিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত অর্থবছরে এই খাত থেকে ১৭ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলার দেশের অর্থনীতিতে যোগ হয়েছে উল্লেখ করেন বিজিএমইএ সভাপতি।
তিনি বলেন, “দেশে পোশাক খাতের নিটিং খাতটি (যা শার্ট, প্যান্ট তৈরি করে) স্বয়ংসম্পূর্ণ হয়ে গড়ে উঠেছে। সুতরাং এই খাতে বিদেশি বিনিয়োগ এলে তাদের সঙ্গে অসম প্রতিযোগিতায় দেশীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে।”
এ ধরনের বিনিয়োগ যেন পিছিয়ে থাকা খাতে বিনিয়োগ হয়, সেরকম একটি নীতিমালা প্রণয়নে পরামর্শ দিয়ে সফিউল বলেন, “এই খাতে ৫ বিলিয়ন ডলারের বাজার প্রস্তুত রয়েছে।”
এছাড়া পরিবেশ দূষণ রোধে সরকারি পর্যায়ে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) যা কারখানার পানি ও বর্জ্য পরিশোধন করে, স্থাপনের জন্যে অনুরোধ জানান পোশাক প্রস্তুতকারকদের নেতা।
তিনি বলেন, কারখানাগুলো ফির বিনিময়ে এই সেবা নেবে।
বিজিএমইএ’র পরামর্শগুলো বিবেচনা ও সংশ্লিষ্ট মহলে আলোচনার আশ্বাস দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।
চামড়া কারখানা স্থানাস্তর
এদিকে বর্তমান সরকারের মেয়াদেই রাজধানীর চামড়া শিল্প কারখানাগুলো সাভারের ট্যানারি পার্কে স্থানান্তরিত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
স্থানান্তরের জন্য মালিকদের ব্যাংক ঋণ, শ্রমিকদের আবাসনের ব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয় আলোচনা করে সমাধান করা হবে বলে এ সময় উল্লেখ করেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৮৪৪ ঘ.
bdnews24