২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট: সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে বসলেন অর্থমন্ত্রী

যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, পদ্মা সেতু, কৃষি ও ঢাকার যানজটের ওপর আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিনিধিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, পদ্মা সেতু, কৃষি ও ঢাকার যানজটের ওপর আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিনিধিরা। সোমবার বিকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, “আজকের বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যে মানুষ কী চায়। তারা চায়, নতুন রাস্তাঘাট ও পুরনোগুলোর মেরামত, বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুতের তথ্য নিয়ে যেসব বিভ্রান্তি রয়েছে তার অবসান। নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি।” পদ্মা সেতুর কাজ দ্রুত শুরু হওয়া ও ঢাকার যানজটের সমাধান মানুষের দাবি বলে মন্তব্য করেন তিনি। এছাড়া পর্যটন খাতের উন্নতিতে আরো বরাদ্দের জন্যে পরামর্শ এসেছে বলেও জানান মন্ত্রী। জনশক্তি রপ্তানিতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হলে এই খাতে আরো উন্নতি হবে বলেও প্রস্তাব এসেছে। কৃষির উন্নয়নে নদী খননের বিষয়গুলো অন্তর্ভুক্তির পাশাপাশি খাদ্য নিরাপত্তার ওপর আরো জোর দেওয়ার পরামর্শ দেন সংসদীয় কমিটির প্রতিনিধিরা। টাকার মান নিয়ে বৈঠকে প্রশ্ন উঠেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “মূল্যস্ফীতি একটা বড় সমস্যা। নির্বাচনী মেনিফেস্টোতে অঙ্গীকার ছিল, মূল্যস্ফীতি স্থিতিশীল করা হবে। আমাদের সেই উদ্দেশ্য এখনো রয়েছে। “সেজন্যে সামাজিক নিরাপত্তায় নানা পদক্ষেপও নেওয়া হয়েছে, যার পরোক্ষ উদ্দেশ্য মূল্যস্ফীতি অত্যাচার থেকে লোকজনকে রক্ষা করা।” ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণও মূল্যস্ফীতির জন্যে দায়ী- বৈঠকে এধররে অভিযোগ বলে জানান মুহিত। সমন্বয়ের অভাবে ব্যাংক ঋণ বেশি হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “আগামী বাজেটে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আগামী বছর ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের কম ঋণ হবে।” দেশে সিনেমাপ্লেক্স স্থাপনে প্রণোদনা দেওয়া হবে বলে এ সময় জানান অর্থমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, যোগাযোগ, কৃষি, সংস্কৃতি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১১০ ঘ.