ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ব্যাংকগুলোর মালিকদের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।
সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি বেসরকারি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়ার একদিন পর সোমবার এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় প্রধান বিরোধী দল।
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশের অর্থনীতি ভালো নয়। এরকম অবস্থায় ক্ষমতাসীন দল ও জোট শরিককে খুশি করতে সরকার ছয়টি ব্যাংকের অনুমোদন দিয়েছে।”
রাজনৈতিক চাপে নতুন ব্যাংকগুলোর অনুমোদনের অভিযোগ উঠলেও অনুমোদনকারী কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক বরাবরই তা অস্বীকার করে আসছে।
ফখরুল বলেন, “যারা ওইসব ব্যাংকের স্বত্বাধিকারী, তারা সবাই সরকারি দল ও জোটের সঙ্গে জড়িত। একটি ব্যাংক স্থাপনের জন্য ৪০০ কোটি টাকা জামানত দিতে হয়। আমাদের প্রশ্ন- তিন বছরে এই স্বত্বাধিকারীরা কীভাবে ৪০০ কোটি টাকায় আয় করেছেন, তা দেশবাসী জানতে চায়।”
পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা ‘সাদা’ হতে হবে- এই শর্ত দিয়েই ২০০১ সালের পর প্রথমবারের মতো ছয়টি ব্যাংককে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের অর্থনীতি বিপর্যস্ত দাবি করে এই সময়ে ব্যাংক অনুমোদনের সিদ্ধান্ত ঠিক হয়নি বলে বিএনপি নেতা মত প্রকাশ করেন।
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা
সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতা করে ফখরুল তা অবিলম্বে অন্য স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানান।
ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মাণাধীন কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্র ওই সুন্দরবনের জন্য হুমকি হবে বলে দেশের অনেক পরিবেশবিদ দাবি করে আসছেন। তবে প্রকল্পটি ইতোমধ্যে পরিবেশগত ছাড়পত্র পেয়েছে।
ফখরুল জানান, রোববার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নিন্দা জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৩৫ ঘ.
bdnews24