শামীম আহমেদ
বার্সেলোনা থেকে
বার্সেলোনা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার অপারেটরদের ইউনিফায়েড লাইসেন্স ও প্রযুক্তি-নিরপেক্ষ তরঙ্গ বরাদ্দ দেওয়ার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস।
এর ফলে থ্রিজি লাইসেন্স দেওয়ার সময় একইসঙ্গে ফোরজি লাইসেন্স নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
স্পেনের বার্সেলোনায় ‘জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১২’-এ অংশ নিতে আসা টেলিযোগাযোগ সচিব বুধবার বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
সা¤প্রতিক সময়ে খণ্ড-খণ্ড গাইডলাইন তৈরি করে লাইসেন্স দেওয়া হয়েছে জানিয়ে সুনীল কান্তি বলেন, নতুন নীতিমালায় একই ধরনের সেবার জন্য একটি লাইসেন্স দেওয়া হবে, একাধিক লাইসেন্স নিতে হবে না।
কংগ্রেসে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সুনীল কান্তি বোস।
বুধবার বার্সেলোনার স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে সচিব বলেন, নীতিমালা তৈরির পর ইউনিফায়েড লাইসেন্স ও প্রযুক্তি-নিরপেক্ষ তরঙ্গ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানান হবে।
এবার কংগ্রেসে অপারেটর ও সরকারের মূল প্রতিপাদ্য বিষয় ইউনিফায়েড লাইসেন্স ও প্রযুক্তি-নিরপেক্ষ বেতার তরঙ্গ- এ তথ্য জানিয়ে সচিব বলেন, ভারত কেবল চলতি বছরে ইউনিফায়েড লাইসেন্সে গিয়েছে, বাংলাদেশে এ বিষয়ে নীতিমালা তৈরির কাজ করছে।
প্রযুক্তি-নিরপেক্ষ তরঙ্গ বরাদ্দ বিষয়ে সচিব বলেন, অপারেটরদের সুবিধামত প্রযুক্তির কথা চিন্তা করে তরঙ্গ দেওয়া হবে। যে যন্ত্রপাতি দিয়ে তারা থ্রিজি শুরু করবে সেই যন্ত্রপাতি একটু উন্নত করে তারা ফোরজি চালু করতে পারবে তাই সেভাবেই তাদের তরঙ্গ বরাদ্দের নীতিমালা করা হবে।
থ্রিজি তরঙ্গ বরাদ্দের বিষয়ে সচিব বলেন, সরকার নিলামের মাধ্যমে এ লাইসেন্স দিলেও যৌক্তিক মূল্যে তরঙ্গ বরাদ্দ নিশ্চিত করা হবে।
মোবাইল ফোন ব্যবহারের বর্তমান ধারনা পাল্টে দেওয়ার নানা উদ্যোগ ও প্রদর্শনী নিয়ে সোমবার হয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। এ বছরের মোবাইল কংগ্রেসের স্লোগান ‘রিডিফাইনিং মোবাইল’। মোবাইল ফোন ব্যবহারকারীদের হাতের নাগলে নতুন সেবা আনার সুযোগ তৈরি করবে চার দিনব্যাপী এ মেলা।
এবারের কংগ্রেসে প্রায় ৫৮ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এক হাজার ৪০০টি স্টল নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। অংশগ্রহনকারী ১৩০টি দেশের কয়েক হাজার প্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের অপারেটর, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান, কনটেন্ট প্রোভাইডারসহ মোবাইল শিল্প সংশ্লিষ্টরা কংগ্রেসে যোগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২৩০৮ ঘ.
bdnews24