২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শুরু হচ্ছে তৈরি পোশাক প্রদর্শনী

চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের তৈরি পোশাক প্রদর্শনী ‘চিটাগাং অ্যাপারেল ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন’ (কাফেক্সপো)- ২০১২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 07:35 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের তৈরি পোশাক প্রদর্শনী ‘চিটাগাং অ্যাপারেল ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন’ (কাফেক্সপো)- ২০১২। নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে (জিমনেসিয়াম) তিন দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। এ প্রদর্শনী চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) চট্টগ্রামে দশমবারের মতো এ প্রদর্শনী আয়োজন করেছে। এবারের প্রদর্শনীতে ৬৫টি স্টলে ৩৫টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নেবে। মঙ্গলবার দুপুরে নগরীর খুলশীতে অবস্থিত বিজিএমইএ’র চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, এ প্রদর্শনীর মধ্য দিয়ে দেশি-বিদেশি ক্রেতারা দেশে তৈরি পোশাক, দেশীয় কাপড়, আনুষঙ্গিক পণ্য এবং এগুলোর গুণগতমান, মূল্য সম্পর্কে ধারণা পাবেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলে এ শিল্পের সুবিধা সম্পর্কেও তারা অবহিত হবেন। এবারের প্রদর্শনীতে পাঁচ হাজারেরও বেশি দর্শনার্থী আসতে পারে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাফেক্সপো-২০১২ এর চেয়ারম্যান এসএম আবু ত্যৈয়ব, প্রধান সমন্বয়কারী ফরহাদ আব্বাস, বিজিএমইএ’র পরিচালক সাব্বির মোস্তফা, মাহবুবউদ্দিন জুয়েল প্রমুখ। ২১ জানুয়ারি প্রদর্শনীর শেষদিনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/০১৩৪ ঘ.