২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্থনীতি নিয়ে উদ্বেগের কিছু নেই’

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম। তার মতে, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় সঠিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি। “ব্যাংকে তো টাকাই নেই, বিনিয়োগ হবে কোত্থেকে। এভাবে চলতে থাকলে সরকার তো চার-পাঁচ মাস পর বেতনই দিতে পারবে না।”- ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আসিফ ইব্রাহিমের রোববারের এ মন্তব্যের একদিন পর এ কথা বললেন সিসিসিআই সভাপতি। মঙ্গলবার সংবাদপত্র কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “চলমান বিশ্বমন্দার প্রেক্ষিতে বিভিন্ন উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন দেশের জাতীয় অর্থনীতিতে যে প্রতিকূলতার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আমাদের আমদানি নির্ভর ছোট অর্থনীতিতে চাপ পড়াটা অস্বাভাবিক কিছু নয়।” ব্যাংক থেকে সরকারের ঋণগ্রহণ প্রসঙ্গে মোরশেদ বলেন, “সরকার চলতি অর্থবছরের বাজেটেই ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা বলেছেন। তবে এ ঋণগ্রহণ যেন বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত না করে সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে।” সরকারকে ব্যাংক থেকে আর ঋণ না নিতে সোমবার পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক। চেম্বার সভাপতি বৈদেশিক সহায়তার অর্থ ছাড় করায় বিদেশি অর্থায়নের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। বিশ্বমন্দা সত্ত্বেও ২০১০-১১ অর্থবছরে জিডিপির হার ৬ দশমিক ৭ শতাংশ, রপ্তানি বাণিজ্যে ৪২ শতাংশ প্রবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ২০১১ সালে বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৯০০ মেগাওয়াটে উন্নীত হওয়া, তাছাড়া কৃষি ও শিক্ষা খাতে সরকারের উল্লেখযোগ্য সাফল্য বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২২৭ ঘ.