২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় চাকরিও মেলে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বেকার তরুণ এবং শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের একটি বড় সুযোগ করে দিয়েছে। মাসব্যাপী এই মেলায় বিভিন্ন প্যাভিলিয়ন বা স্টলে খণ্ডকালীন বিক্রয়কর্মী হিসেবে কেউ কাজ করছেন নিতান্ত শখের বশে, কেউ বা প্রয়োজনের তাগিদে। জানাচ্ছেন রুবী আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 06:48 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

রুবী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বেকার তরুণ এবং শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের একটি বড় সুযোগ করে দিয়েছে। মাসব্যাপী এই মেলায় বিভিন্ন প্যাভিলিয়ন বা স্টলে খণ্ডকালীন বিক্রয়কর্মী হিসেবে কেউ কাজ করছেন নিতান্ত শখের বশে, কেউ বা প্রয়োজনের তাগিদে। মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, প্রতি বছর এ মেলা ঘিরে কর্মসংস্থানের একটি বড় সুযোগ তৈরি হয়। ইপিবির উপ-পরিচালক অনুপ কান্তি সাহা বলেন, মেলার প্রতিটি স্টলে প্রতি বছর এক মাসের জন্য কয়েক হাজার খণ্ডকালীন বিক্রয়কর্মী নিয়োগ দেয় মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। বিক্রয়কর্মীদের সংখ্যা কত জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে নিয়োগ দেয় বলে ইপিবির কাছে এর হিসাব থাকে না। তবে একেকটি স্টলে গড়ে অন্তত পাঁচ-ছয়জন করেও যদি নিয়োগ দেওয়া হয়, তবে প্রায় তিন হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ হয়।” এবার মেলার মোট স্টল সংখ্যা হচ্ছে ৫০৫টি। মেলায় বাংলাদেশের বাইরে ১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বোটানিক অ্যারোমা হারবাল স্টলে ক্রেতাদের সামলাচ্ছিলেন ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিথী ও বর্ণা। তারা জানান, অনার্স শেষ বর্ষের পরীক্ষা শেষ। তাই পড়াশোনার আপাতত কোনো চাপ নেই। সময় কাটাতে এখানে খণ্ডকালীন চাকরি নিয়েছেন তারা। তবে তিথী ও বর্ণার মতো শখে নয়, প্রয়োজনের তাগিদে বাণিজ্য মেলায় পারট্রেক্স ফার্নিচারের প্যাভেলিয়নে খণ্ডকালীন বিক্রয়কর্মীর চাকরি নিয়েছেন তানহা নূর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তিতুমীর কলেজে রাষ্ট্রবিজ্ঞানে পড়ছি। বৃদ্ধা মাকে নিয়ে নাখালপাড়ায় থাকি। পড়াশোনা শেষ হয়নি বলে স্থায়ী চাকরি করা সম্ভব নয়। খণ্ডকালীন এই চাকরি জীবনযাত্রার ব্যয় মেটাতে অনেক সহায়তা করবে।” পারট্রেক্স ফার্নিচারের বিক্রয় ব্যবস্থাপক অতুল সরকার জানান, সাধারণত দেখা যায়, বেকার তরুণ-তরুণী এবং শিক্ষার্থীদের একটা বড় অংশ বছরের এই সময়টার জন্য মুখিয়ে থাকেন। কারণ কোনো ধরণের পরীক্ষা ছাড়াই বাণিজ্য মেলায় এক মাস কর্মসংস্থানের সুযোগ মেলে। তিনি জানান, খণ্ডকালীন চাকরির জন্য সংবাদপত্র ও অনলাইনে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এছাড়া আগ্রহীরা মূল অফিসে গিয়েও জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়ে আসে। আরএফএলের স্টলে কথা হয় বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে বাংলায় সদ্য স্নাতকোত্তর করা জাহান মুক্তার সঙ্গে। তিনি বলেন, “পরীক্ষার পর অনেক জায়গায় চাকরির জন্য দরখাস্ত করেছি। কোনো জায়গা থেকেই ইন্টারভিউর ডাক পাইনি। শেষে বাণিজ্য মেলায় এক মাসের জন্য কাজ মিলেছে।” কয়েক বছর ধরে বাণিজ্য মেলায় থাইল্যান্ড প্যাভেলিয়নে আয়োজকের দায়িত্ব পালন করছেন থাইল্যান্ডের নাগরিক উসা ফ্লোরা। তিনি বলেন, “থাই প্যাভেলিয়নে কাজ করতে আগ্রহীরা থাইল্যান্ড দূতাবাসে সিভি জমা দিয়ে আসে। ওই সিভি দেখে ডাকা করা হয়।” থাইল্যান্ড প্যাভেলিয়নের একটি স্টলে কর্মরত মো. ফরহাদ জানান, চুক্তিভিত্তিক এক মাসের এই চাকরিতে ২০ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়। অনেক সময় বিক্রি ভালো হলে খুশি হয়ে মালিকপক্ষ টাকা বাড়িয়েও দেয়। গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার উদ্বোধন করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলার টিকিট বড়দের জন্য ২০ টাকা এবং শিশুদের জন্য ১০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এসইউ/১২৩০ ঘ.