ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫০ হাজার মেট্রিক টন গম এবং ১৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানিসহ এক হাজার ৪৫০ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে মঙ্গলবার কমিটির সভায় গম ও সার কেনাসহ সাতটি দরপত্র অনুমোদন দেওয়া হয়। কমিটির প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব নুরুল করিম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হবে। এতে প্রতি টন গমের মূল্য ২৮৭ দশমিক ৭৭ মার্কিন ডলার হিসেবে ১১৭ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকা ব্যয় হবে।
রোকেয়া অটোমেটিক ফ্লাওয়ার নামের একটি প্রতিষ্ঠান এ গম কিনে সরকারি গুদামে সরবরাহ করবে।
রাষ্টীয় চুক্তির মাধ্যমে ১৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে। সংযুক্ত আরব আমিরাত থেকে এ সার আমদানি করতে টনপ্রতি ৪৯৮ দশমিক ৫০ মার্কিন ডলার হিসেবে ৫৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে।
মন্ত্রিসভা কমিটির সভায় বিনিয়োগ বোর্ডের ১৪তলা বিশিষ্ট প্রধান কার্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় তিনটি বেইজমেন্টসহ ভবন নির্মাণ; ভবনের পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ ও পয়ঃপ্রণালী স্থাপনসহ অন্যান্য আনুষাঙ্গিক কাজের দরপত্র অনুমোদন করা হয়। দেশীয় প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড এই কাজ করবে ৮০ কোটি ২৪ লাখ ৪৭ হাজার টাকায়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ডব্লিউডিবি) অধীনে নদী খনন (ড্রেজিং), ড্রেজার (খননযন্ত্র) ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি কেনার দরপত্রও অনুমোদন করে কমিটি। এ কাজগুলো যৌথভাবে করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এলিকর্ড ড্রেজার্স ও আনন্দ শিপইয়ার্ড। এতে ২২০ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উচ্চশিক্ষা সম্প্রসারণ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ক্যান্ট এস্টেট ইউনিভার্সটি’-কে পরামর্শক নিয়োগের দরপত্র অনুমোদন করা হয়। এ কাজে ব্যয় হবে ১০ কোটি ৮৯ লাখ টাকা।
ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় দুটি প্যাকেজের কাজের দরপত্র অনুমোদন দেওয়া হয় ওই সভায়। ৩৬৬ কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকায় এ কাজ করবে গ্যানন ডানকার্নি এন্ড কোম্পানি এবং সিকো ও পিবিএল।
এছাড়া দেশের পূর্বাঞ্চলের সেতু উন্নয়ন প্রকল্পের জন্য চারটি প্যাকেজের মধ্যে তিনটি অনুমোদন দেওয়া হয়। দ্বিতীয় প্যাকেজের কাজের দরপত্র গ্রহণ না করে পুনরায় দরপত্র আহ্বান করতে বলেছে কমিটি।
অন্য তিনটি প্যাকেজের কাজের জন্য ৫৯৯ কোটি ৬৩ লাখ টাকার দরপত্র প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এতে প্রথম প্যাকেজের কাজ যৌথভাবে পুম ইয়াং ও পিবিএল; তৃতীয় প্যাকেজে মনিকো ও ডিয়েনকো এবং চতুর্থ প্যাকেজে গ্যানন ডানকার্নি এন্ড কোম্পানি কাজ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮০৩ ঘ.
bdnews24