২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ্যাসের সঙ্গে বাড়লো পরিবহন ভাড়াও

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ২৪ ঘণ্টার মাথায় সরকার সিএনজির দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর সিএনজিচালিত গণ পরিবহনের ভাড়ার নতুন হার নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বৃদ্ধির ২৪ ঘণ্টার মাথায় সরকার সিএনজির দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর সিএনজিচালিত গণ পরিবহনের ভাড়ার নতুন হার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বলছে, গণপরিবহনে দুই রকমের ভাড়া নির্ধারণ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে- এমন আশঙ্কা থেকেই সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। সোমবার এক আদেশে কমিশন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম প্রতি ঘনমিটার ৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণ করে। কমিশনের আদেশে বলা হয়, সরকার সোমবার থেকে ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন এবং ফার্নেস অয়েলের দাম বাড়ানোয় গণপরিবহনের ভাড়া বাড়বে। কিন্তু সিএনজির দাম অপরিবর্তিত থাকায় সিএনজি চালিত পরিবহনের ভাড়া বৃদ্ধি হওয়ার কথা নয়। এই সুযোগে সিএনজিচালিত পরিবহনের মালিকরাও দাম বাড়িয়ে দেবে- এ যুক্তি তুলে ধরে আদেশে বলা হয়, "এতে গণপরিবহণে দুই ধরনের ভাড়া নির্ধারণ হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।" কমিশনের আইন অনুযায়ী গ্যাসের দাম বাড়াতে হলে গণশুনানি হতে হয়- এ বিষয়েরও ব্যাখ্যা দেওয়া হয়েছে ওই আদেশে। এতে বলা হয়, "আইন ও ট্যারিফ প্রবিধানমালা অনুযায়ী শুনানি করে কমিশন ট্যারিফ বৃদ্ধি করে থাকে, যা সময়সাপেক্ষ। সিদ্ধান্ত গ্রহণে দেরি হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে শুনানি না করেই অবিলম্বে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়ানোর পরদিন সোমবার গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর এই আদেশ জারি করে বিইআরসি। সিএনজির দাম বৃদ্ধির এই আদেশ সোমবার রাত ১২টা থেকেই কার্যকর হবে। সিএনজির পাশাপাশি সিএনজি স্টেশনগুলোর সঞ্চালন লাইনের গ্যাসের (ফিড গ্যাস) দাম প্রতি ঘনমিটার ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৩ টাকা করা হয়েছে। এক্ষেত্রে দাম বৃদ্ধির হার ২৮ শতাংশ। এর আগে সোমবার সকালে সরকারের কাছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সিএনজির সঞ্চালন লাইনের গ্যাসের (ফিড গ্যাস) দাম ১৮ টাকা থেকে ৫ টাকা বাাড়িয়ে ২৩ টাকা এবং সিএনজি মালিকদের বর্তমান মার্জিন ৭ টাকা অপরিবর্তিত রেখে ভোক্তা পর্যায়ে ২৫ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা করার প্রস্তাব দেয়। সরকার ওই প্রস্তাবের অনুমোদন দেওয়ার পর বিকালে ভোক্তা পর্যায়ে সিএনজির দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠায় পেট্রোবাংলা। এই প্রস্তাব পাওয়ার পরপরই বিকালে দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। এ ব্যাপারে জ্বালানি বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এম শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিইআরসি আইনের ৩৪ ধারায় বলা আছে, জ্বালানির সব ধরনের মূল্য নির্ধারণের একমাত্র এখতিয়ার নিয়ন্ত্রক সংস্থার। সে অনুযায়ী সরকার এভাবে দাম নির্ধারণ করতে পারে না।" তিনি বলেন, "বিইআরসিও ইচ্ছেমতো দাম নির্ধারণ করতে পারে না। একটি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে উম্মুক্ত সভা এবং গণশুনানির পরই দাম বাড়াতে পারে।" এভাবে দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "তাহলে নিয়ন্ত্রক সংস্থা রাখার প্রয়োজন কোথায়?" গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে গ্যাসের দাম বৃদ্ধির ফলে সিএনজি স্টেশনগুলো আর্থিক ক্ষতির মুখে পড়বে। ভোক্তাদের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।" সর্বশেষ গত ১২ মে সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে ৮ টাকা বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছিলো। জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর ফলে গণপরিবহনের ভাড়াও বাড়িয়েছে সরকার। বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা এবং অটোরিকশার ভাড়া প্রতি কিলোমিটারে ১৪ পয়সা বেড়েছে। নতুন হার অনুযায়ী দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ১৫ পয়সার পরিবর্তে ১ টাকা ২০ পয়সা হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বড় বাসের নতুন ভাড়া হবে প্রতি কিলোমিটার ১ টাকা ৬০ পয়সা, যা আগে ১ টাকা ৫৫ পয়সা ছিলো। মহানগরীর মিনিবাসের ভাড়া ১ টাকা ৪৫ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা করা হয়েছে। সিএনজি অটো রিকশার প্রথম দুই কিলোমিটারের নির্ধারিত ভাড়া ২৫ টাকা ঠিক থাকবে। তবে দুই কিলোমিটারের পর প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৫০ পয়সার পরিবর্তে ৭ টাকা ৬৪ পয়সা হবে। বিরতির জন্য প্রতি মিনিটের ভাড়া ১ টাকা ৩০ পয়সার বদলে ১ টাকা ৪০ পয়সা হবে। অটো রিকশার দৈনিক জমার পরিমাণ ৬০০ টাকা অপরিবর্তিত থাকছে। নতুন ভাড়ার হার সোমবার থেকেই কার্যকর বলে মন্ত্রণালয় জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/জেকে/২১২৩ ঘ.