২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি ঝুঁকিতে: আনোয়ার

ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ পরিচালনা করে সরকার অর্থনীতি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। নতুন ব্যাংক অনুমোদনের সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ পরিচালনা করে সরকার অর্থনীতি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। নতুন ব্যাংক অনুমোদনের সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, "দেশের অর্থনীতি বর্তমানে ঝুঁকির মধ্যে আছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে সরকার। গত কয়েক মাসে তারা বিভিন্ন ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।" নতুন বাণিজ্যিক ব্যাংক অনুমোদনের সমালোচনা করে তিনি বলেন, "একদিকে দেশের অর্থনীতির চাকা ঘুরছে না, কর্মসংস্থান সঙ্কুচিত হচ্ছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারবাজারে গিয়ে সর্বশান্ত হচ্ছে। অন্যদিকে সরকার নতুন করে আরো বাণিজ্যিক ব্যাংক দিতে যাচ্ছে। রাজনৈতিক বিবেচনায় ওই সব ব্যাংক দেওয়া হবে বলেও জানা গেছে।" খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত সভায় বক্তব্য রাখেন আনোয়ার। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে রাখার অভিযোগ তুলে তিনি বলেন, "পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। তারা স্বপ্ন দেখছে- ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে।" "তবে তাদের এ স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। কারণ দেশের মানুষ এখন আর তাদের ক্ষমতায় দেখতে চায় না," বলেন তিনি। আন্দোলন দমনের জন্য বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন আনোয়ার। কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদি আহমেদ রুমী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১৭ ঘ.