আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা জানতে বসানো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অভিযোগ বাক্সে গত এক মাসে ১১টি অভিযোগ জমা পড়েছে।
১১টি অভিযোগের মধ্যে ৯টি গ্যাস এবং ২টি বিদ্যুৎ সংকট নিয়ে এসেছে। এর মধ্যে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে একটি অভিযোগের সমাধান হয়েছে।
গ্রাহকদের অভিযোগের কথা শুনতে গত ১১ অগাস্ট 'অভিযোগ সেল' চালু করে বিইআরসি। প্রথম দিনই ওই সেলে রাখা বাক্সে গ্যাস সংকট নিয়ে একটি অভিযোগ জমা পড়ে।
রমজান মাস শুরুর কয়েকদিন আগে থেকে বিদ্যুতের লোড-শেডিংয়ের মাত্রা বাড়ায় মুন্সীগঞ্জ, গাইবান্ধা, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় অসন্তোষ।
এই পরিপ্রেক্ষিতে গত ৪ অগাস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের 'পরিকল্পনা উপস্থাপন' অনুষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিইআরসি এই 'অভিযোগ সেল' গঠনের সিদ্ধান্ত নেয়।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি তখন বলেছিলো, অভিযোগের ভিত্তিতে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বিইআরসির ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আবু ফারুক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত এক মাসে বিইআরসির অভিযোগ সেলে ১১টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে গ্যাস সংক্রান্ত একটি অভিযোগের সমাধান করা হয়েছে। বাকিগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাদের কাছ থেকে এখনো যথাযথ কোনো উত্তর মেলেনি।"
তিনি বলেন, "গাজীপুরের টঙ্গীতে শরিফুল আলম নামের এক ব্যক্তি ৬টি দ্বিমুখী চুলার অনুমোদন নিয়ে অবৈধভাবে ১৬টি চুলায় গ্যাস ব্যবহার করছিলেন। এ নিয়ে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বাড়িতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযোগ চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে।"
এছাড়া বিইআরসির বাক্সে জমা পড়া প্রথম অভিযোগ তদন্ত করতে ঢাকার মানিকনগরে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সে ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান তিনি।
মানিকনগরে বাসিন্দা অভিযোগকারী জাহাঙ্গীর আলম লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক মাস আগে বিইআরসির পক্ষ থেকে তদন্ত করে গেলেও কোনো সমাধান পায়নি। বরং গ্যাসের সংকট আগের চেয়ে তীব্র হয়েছে।"
দীর্ঘদিন ধরে বাসার পাইপলাইনে গ্যাস পাচ্ছেন না জানান তিনি।
ঢাকার পশ্চিম যাত্রাবাড়ীর মো. ইমদাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই এলাকায় গ্যাস সরবরাহের জন্য ৩০ বছর আগে এক ইঞ্চিরও কম ব্যাসের নল বসানো হয়। বর্তমানে এখানে বহুতলভবনসহ গ্রাহকের সংখ্যা বাড়লেও সেই নল পরিবর্তন করা হয়নি। তাই এ এলাকায় অধিকাংশ বাসার চুলাতে গ্যাসের সরবরাহ খুব কম।"
এ ব্যাপারে গত ১৪ অগাস্ট বিইআরসির কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানান তিনি।
১৪ অগাস্ট বিদ্যুৎ সংকট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন রাজধানীর লালমাটিয়ার বাসিন্দা আলী জব্বার। তার সমস্যারও সমাধান হয়নি।
অভিযোগের সমাধান না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য সব পক্ষকে সহযোগিতা করতে হবে। এ ধরনের ব্যবস্থা তো আগে ছিলো না এ কারণে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকেও সময় দিতে হবে।"
এরপরও যদি তারা কোনো কার্যকর ব্যবস্থা না নিতে চায় তখন সরকারকে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (টিজিটিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিইআরসির কাছ থেকে অভিযোগগুলো পেয়েছি। এর সত্যতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে সমাধানের চেষ্টা করবো।"
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যতদিন পর্যন্ত চাহিদা অনুযায়ী বিদ্যুতের উৎপাদন বাড়ানো যাচ্ছে না ততদিন নিরবচ্ছিন্নভাবে সরবরাহ সম্ভব নয়। এ বিষয়টি গ্রাহককে বুঝতে হবে।"
অভিযোগ জমা দিতে হলে
কেউ অভিযোগ জানাতে চাইলে নাম, ঠিকানা, টেলিফোন বা মোবাইল নম্বরসহ সংক্ষিপ্ত ও সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ সেলে রাখা বাক্সে জমা দিতে হবে। ডাকযোগেও অভিযোগ পাঠানো যাবে।
অভিযোগ পাঠানোর ঠিকানা- অভিযোগ সেল, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, টিসিবি ভবন (৪র্থ তলা), ১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/২০২৩ঘ.
bdnews24