২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ব্যাংকের পক্ষে নয় আইএমএফ

নতুন ব্যাংক প্রতিষ্ঠায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তাদের যুক্তি, এতগুলো ব্যাংক সামলানোর সামর্থ্য কেন্দ্রীয় ব্যাংকের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ব্যাংক প্রতিষ্ঠায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তাদের যুক্তি, এতগুলো ব্যাংক সামলানোর সামর্থ্য কেন্দ্রীয় ব্যাংকের নেই। দাতা সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-প্রধান ডেভিড কোয়েন বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের উচিত হবে নতুন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত স্থগিত রাখা। কেন্দ্রীয় ব্যাংক দেশের ৪৭টি তফসিলি ব্যাংকের সঙ্গে নতুন আরো কয়েকটি যোগ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরদিনই আইএমএফ এ প্রতিক্রিয়া জানালো। সরকারের ব্যাংক বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল বিএনপিও। কোয়েনের নেতৃত্বে আইএমএফ'র একটি প্রতিনিধি দল ১০ দিনের সফরে গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। সফরের শেষ পর্যায়ে সংবাদ সম্মেলন করে তারা। কোয়েন বলেন, নতুন ব্যাংক প্রতিষ্ঠার আগে তার তদারকিতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াতে হবে। নতুন ব্যাংক অনুমোদনের ক্ষেত্রে অন্তত নতুন ব্যাংক কোম্পানি আইন পাস হওয়ার জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছে আইএমএফ। নতুন আইনের কাজ ইতোমধ্যে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে তা কখনো প্রাথমিক পর্যায়ে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে শূর চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিকদের জানান। তিনি বলেছেন, আইনটি চূড়ান্ত হতে আরো দুই বছর লাগতে পারে। কোয়েন বলেছেন, নতুন আইন হলে তার ভিত্তিতে আরো ব্যাংক অনুমোদন দেওয়া যেতে পারে। ব্যাংকগুলোর বর্তমান তারল্য সঙ্কট নিরসনে একটি নীতিমালা প্রণয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে সুপারিশ রেখেছে আইএমএফ। তাদের শঙ্কা, তারল্য সঙ্কটের মধ্যে নতুন ব্যাংক এলে তা কেন্দ্রীয় ব্যাংকের ওপর বোঝা হবে। প্রস্তাবিত আইনের বিষয়ে কোনো সুপারিশ রয়েছে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে যেন যথার্থ ব্যক্তি থাকে তা নিশ্চিত করতে হবে। দেশে ২০০১ সালের পর আর কোনো ব্যাংক অনুমোদন পায়নি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২৪ জুলাই বলেন, সরকার রাজনৈতিক সিদ্ধান্তে কয়েকটি নতুন ব্যাংকের লাইসেন্স দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬৩২ ঘ.