২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পদক্ষেপ বাস্তবায়নে দেরিতে বাজার নিম্নমুখী'

একদিন উর্দ্ধমুখী থাকার পর দেশের দুই পুঁজিবাজারে আবারো দরপতন হয়েছে। সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিন উর্দ্ধমুখী থাকার পর দেশের দুই পুঁজিবাজারে আবারো দরপতন হয়েছে। সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। আগের দিনের চেয়ে মঙ্গলবার ১৩৪ পয়েন্ট বৃদ্ধির পর বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৯৪ পয়েন্ট সূচক হারিয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে ১৫৫ পয়েন্ট। বুধবারের বাজার পতনের কারণ জানতে চাওয়া হলে সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার স্থিতিশীল করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তার বাস্তবায়ন না হওয়াতেই বাজার নিম্নমুখী হয়েছে।" তিনি বলেন, "ব্যাংকগুলো থেকে তাদের সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকে দেওয়া ঋণ সমন্বয়ের সময় আরো বাড়ানো, সিডিবিএল চার্জ কমানো, লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনা এবং নেটিং সুবিধা বাড়ানোর বিষয়ে এসইসি পদক্ষেপ নিয়েছে। কিন্তু এর বাস্তবায়ন হচ্ছে না বলেই বাজার আবার পড়ছে।" মঙ্গলবার এসইসির পক্ষ থেকে বলা হয়, তারল্য সঙ্কট কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে তাদের সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকে দেওয়া ঋণ সমন্বয়ের সময়সীমা বাড়ানো হবে বলে বাংলাদেশ ব্যাংক থেকে এসইসিকে জানানো হয়েছে। এ খবরে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঋণ সমন্বয়ের সময় বাড়ানোর ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক একমত হয়েছে।" বুধবার সকালে ডিএসইতে সূচকের উর্দ্ধমূখী প্রবণতা দেখা গেলেও পরে তা ধরে রাখতে পারেনি। লেনদেনের প্রথম ৫ মিনিটে ডিএসই সাধারণ মূল্যসূচক ৩৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর পড়তে শুরু করে। ১১টা ২৫ মিনিটে আবার ঘুরে দাড়াতে শুরু করলেও ধরে রাখতে পারেনি। এভাবে ওঠানামা শেষে ২টা ১০ মিনিট থেকে সূচক একটানা পড়তে শুরু করে। শেষের পাঁচ মিনিটে সামান্য কিছুটা বেড়ে লেনদেন শেষ হয়। বুধবারের বাজার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম দিকে বাজার ভালোই চলছিল। মার্চেন্ট ব্যাংকগুলোসহ বিভিন্ন ইন্সটিটিউশন থেকে শেয়ার কেনা হয়েছে।" বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ঋণ সমন্বয়ের সময় আরো বাড়ানো হবে বলে আশ্বস্ত করা হয়েছে। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।" "দুএকদিনের মধ্যে বাজার ভালো হয়ে যাবে।" ঋণন্বয়ের সময় বাড়ানো হচ্ছে না- এমন গুজবে বুধবার বাজার পড়েছে কি না জানতে চাওয়া হলে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী বলেন, "এরকম একটা গুজব ছিল। আজকে সার্কুলার দেওয়ার কথা ছিল, কিন্তু পরে দেয়নি।" বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এদিনও বিক্ষোভ হয়েছে ডিএসইর সামনে। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৩৯ হাজার ২৭৬ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ১৯ কোটি ৩৭ লাখ টাকা বেশি। এদিকে সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি টাকার শেয়ার যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত ছিলো ৭টি কো¤পানির শেয়ারের দাম। বুধবার লেনদেনের তালিকায় শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বেক্সিমকো লি., মালেক স্পিনিং, যমুনা অয়েল লি., গ্রামীণ ফোন, তিতাস গ্যাস, গোল্ডেন সন, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, এমআই সিমেন্ট ও সিএমসি কামাল। দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো- রিলায়েন্স ইন্সুরেন্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্মা এইড, ইবিএল, প্রগতি লাইফ ইন্সুরেন্স, সাউথইস্ট ব্যাংক লি. ১ম মিউচুয়াল ফান্ড, শমরিতা হাসপাতাল, জেমীনি সী ফুড, ব্র্যাক সেকেন্ড বন্ড ও রহিম টেক্সটাইল। অন্যদিকে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো- মডার্ন ডায়িং, স্যালভো কেমিক্যাল, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট ইন্সুরেন্স, মেট্রো স্পিনিং, মেঘনা সিমেন্ট, ঢাকা ডাইয়িং, স্কয়ার টেক্সটাইল, প্রাইম ইন্সুরেন্স ও ফিনিক্স ইন্সুরেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০২১ ঘ.