ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে তাদের সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকে দেওয়া ঋণ সমন্বয়ের সময় আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঋণ সমন্বয়ের সময় বাড়ানোর ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক একমত হয়েছে। তবে কতোদিন বাড়ানো হবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিন মাসও বাড়ানো হতে পারে, আবার তার চেয়ে বেশিও বাড়ানো হতে পারে।"
ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে সময় বাড়ানো হবে বলে জানান সুর চৌধুরী। যে ব্যাংকের যে সময় প্রয়োজন আলোচনা সাপেক্ষে সে ব্যবস্থা নেওয়া হবে।
গত আগস্ট মাসের মধ্যে ঋণ সমন্বয়ের সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু পুঁজিবাজারে তারল্য সংকট দেখা দেওয়ায় গত ২৬ মে এ সময়সীমা চার মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।
সা¤প্রতিক সময়ে শেয়ারবাজারে টানা দরপতনের কারণে এ সময়সীমা আরও বাড়ানোর দাবি জানায় মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনসহ ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
মে মাসে জারি করা কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়েছিল, 'বিভিন্ন ব্যাংক মার্চেন্ট ব্যাংকিং ও ব্রোকারেজ কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব তহবিল থেকে বিভিন্ন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান চালু করেছে। এসব প্রতিষ্ঠান পৃথক কার্যক্রম শুরু করায় ব্যাংকে সরবরাহ করা তহবিল এখন ঋণে পরিণত হয়েছে।
কিন্তু এই ঋণের পরিমাণ অধিকাংশ ক্ষেত্রে 'সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট' অতিক্রম করে গেছে। অর্থাৎ একটি ব্যাংক একজন গ্রাহককে সর্বোচ্চ যে অংকের অর্থ ঋণ দিতে পারে, মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে ঋণ দেওয়া হয়েছে তার চেয়ে বেশি।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ অর্থ নিজস্ব মার্চেন্ট ব্যাংককে ঋণ হিসেবে দিতে পারে। যেসব ব্যাংক এই সীমার চেয়ে বেশি ঋণ দিয়েছে, তা আগামী ডিসেম্বরের মধ্যে নামিয়ে আনার জন্য সময় বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজারে তারল্য সংকট কাটাতেই ঋণ সমন্বয়ের সময়সীমা আরেক দফা বাড়ানো হচ্ছে।"
"গত বছরের প্রায় পুরোটা সময় পুঁজিবাজার চাঙ্গা ছিল। তখন কোনো কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশেরও বেশি অর্থ নিজস্ব মার্চেন্ট ব্যাংককে দিয়েছিল বলে বাংলাদেশ ব্যাংকের তদন্তে ধরা পড়ে।এই পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ঋণ সমন্বয় করতে নির্দেশ দেওয়া হয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১৫৫ ঘ.
bdnews24