ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারল্য সঙ্কট কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে তাদের সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকে দেওয়া ঋণ সমন্বয়ের সময়সীমা বাড়ানো হচ্ছে।
এতে পুঁজিবাজারে অর্থপ্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সময়সীমা বাড়ানোর বিষয়টি জানান পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মুখপাত্র সাইফুর রহমান।
এ সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক, তবে তারা এসইসিকে সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছে বলে এসইসি মুখপাত্র সাংবাদিকদের বলেন।
মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতারা এ সময়সীমা ২০১৪ সাল পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়ে আসছিলো। তবে কবে পর্যন্ত বাড়ানো হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে বলেনি এসইসি।
মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ এর পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, "আমাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা তারল্য সঙ্কট। এ কারণে আমরা নিজেরা যেমন বিনিয়োগ করতে পারছি না, আমাদের গ্রাহকদেরও ঋণ দিতে পারছি না।"
ব্যাংক কোম্পানী আইন অনুযায়ী, কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো ব্যাংক মোট পরিশোধিত মুলধনের ১০ ভাগের বেশি ঋণ দিতে পারবে না। মার্চেন্ট ব্যাংকগুলো সাবসিডাইজড প্রতিষ্ঠান হিসাবে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ ব্যাংকের ঋণ হিসাবে বিবেচিত হয়। সেক্ষেত্রে এগুলোও মূল প্রতিষ্ঠান থেকে ১০ ভাগের বেশি ঋণ পেতে পারবে না। যেসব মার্চেন্ট ব্যাংক ১০ ভাগের বেশি বিনিয়োগ বা গ্রাহকদের ঋণ দিয়েছে, তা সমন্বয় করে আনতে হবে।
হাফিজ বলেন, সমন্বয়ের এই মেয়াদ বাড়ানো হলে মার্চেন্ট ব্যাংকগুলো পুঁজিবাজারে বেশি বিনিয়োগে করতে পারবে।
বুধবার সকালে সম্পদ ব্যাবস্থাপক প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করবে এসইসি। সেখানে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
নিজস্ব তহবিল
বৈঠকে মার্চেন্ট ব্যাংকগুলোর ক্যাপাসিটি বিল্ডিংয়ের (সক্ষমতা বাড়ানো) বিষয়ে এসইসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে হাফিজ জানান। তবে এক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে এসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
হাফিজ বলেন, "পুঁজিবাজারে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসাবে মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব মূলধন বা তহবিল থাকা প্রয়োজন। এখন পর্যন্ত শুধু মূল প্রতিষ্ঠান থেকে পাওয়া ঋণ নিয়ে মার্চেন্ট ব্যাংক ব্যবসা করছে। কিন্তু নিজস্ব মূলধন গঠন করা হলে এটি হবে পুঁজিবাজারের তহবিল। এই টাকা সবসময়ই পুঁজিবাজারে বিনিয়োগ হবে।"
বন্ড ইস্যু, আইপিও ও শেয়ার বিক্রি বা ঋণের মাধ্যমে এই মূলধন গঠন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
পরিচালকদের শেয়ার বিক্রি
এসইসি মুখপাত্র সাইফুর রহমান বলেন, "স¤প্রতি বিভিন্ন পরিচালকদের শেয়ার বিক্রির একটি প্রবণতা দেখা যাচ্ছে বলে সভায় আলোচনা হয়েছে। এসইসি সিদ্ধান্ত নিয়েছে, এক্ষেত্রে বিভিন্ন কোম্পানীর স্পন্সর পরিচালকদের ক্ষেত্রে শেয়ার ধারণের একটি সীমা বেঁধে দেওয়া হবে।"
ব্যাংক কোম্পানী আইন
ব্যাংক কোম্পানী আইন সংশোধনের বিষয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন মহলের উদ্বেগ রয়েছে। এ নিয়ে নানাগুজবের কারণেও বাজারের পতন হচ্ছে বলে বৈঠকে মন্তব্য করা হয়।
এ প্রসঙ্গে সাইফুর বলেন, "এটি এখনো প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। সবার মতামত নিয়ে এটা সংশোধন হবে। ব্যাংক কোম্পানী আইন সংশোধনের আগে দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। সুতরাং এ নিয়ে আতঙ্কের কিছু নেই।"
জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া বলেন, "এরকম কোনো আইন হতে যতদিন সময় লাগবে, ততদিনে বাজারের অনেক পরিবর্তন হবে। মার্চেন্ট ব্যাংকের ক্ষমতা বাড়বে, নিজস্ব তহবিল হয়ে যাবে। সুতরাং এটি নিয়ে এখনি চিন্তিত হওয়ার কিছূ নেই।"
তিনি জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট মূলধনের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে। এসইসির মাধ্যমে তাদের এই বিনিয়োগ করার অনুরোধ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত বাস্তবায়নে কমিটি
এসইসি নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, কমিশন ও মার্চেন্ট ব্যাংকের বৈঠকের সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যে গত ৮ অগাস্টের সভায় একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল। মঙ্গলবার কমিটির রূপরেখা গঠন করা হয়েছে।
এসইসির একজন নির্বাহী পরিচালক কমিটির প্রধান এবং মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সদস্য সচিব কমিটির সচিব হিসাবে থাকবেন। এছাড়া সদস্য হিসাবে থাকবেন মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি ও অপর ছয়টি মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তারা।
প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ইনভেস্টমেন্ট লি., জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লি., আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি., লংকা বাংলা সিকিউরিটিজ লি., গ্রীণডেল্টা সিকিউরিটিজ লি ও আইডিএলসি সিকিউরিটিজ লি.।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/পিডি/২০১৯ ঘ.
bdnews24