চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর দাতাদের উৎসাহিত করতে আগামী শনিবার থেকে চট্টগ্রামে দ্বিতীয় বারের মতো বসছে আয়কর মেলা।
সোমবার চট্টগ্রামের কর বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে আয়কর মেলা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানো হয়।
কর অঞ্চল- ১-এর কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক বলেন, মূলত জনসচেতনতার ওপরই আয়কর আদায় নির্ভর করে। সবাই যদি এ বিষয়ে সচেতন থাকেন তবে সমাজের সামর্থ্যবান ব্যক্তির ওপর আয়কর দিতে এক ধরনের পরোক্ষ চাপ সৃষ্টি হবে।
১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামে মেলার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেলা চলবে।
'নিজের জন্য দিব কর' স্লোগান নিয়ে আয়োজিত এবারের মেলায় করদাতারা নতুন ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) নিতে পারবেন। পুরোনো করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
পাশাপাশি টিআইএন সনদ নেওয়া, আয়কর বিষয়ে পরামর্শ নেওয়া, আয়কর রিটার্ন ফর্ম পূরণে সহযোগিতা দেওয়া এবং জনতা ও সোনালী ব্যংাকের বুথে টাকা জমা দিয়ে পে অর্ডার ও চালান জমা দেওয়ার সুযোগ থাকবে।
কর অঞ্চল- ৩ এর কমিশনার মো. সুলতান মাহমুদ জানান, গত বছর আয়কর মেলায় মোট ২৩ হাজার ৫০২ জন আয়করদাতা ৪০ কোটি ১২ লাখ ২১ হাজার টাকা আয়কর জমা দিয়েছিলো।
তিনি জানান, বর্তমানে চট্টগ্রাম কর বিভাগে নিবন্ধিত টিআইএনধারী রয়েছে ৩ লাখ। কিন্তু নিয়মিত আয়কর দিয়ে থাকেন ১ লাখ ১০ হাজার।
সংবাদ সম্মেলনে কর কর্মকর্তারা জানান, ২০০৯-১০ অর্থ বছরে চট্টগ্রাম কর বিভাগ ২ হাজার ৩০০ কোটি টাকা এবং ২০১০-১১ অর্থ বছরে ৪ হাজার ১০০ কোটি টাকা আয়কর আদায় করে।
আয়কর জমাদানে হয়রানির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রমেন্দ্র চন্দ্র বসাক বলেন, "দেশের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তথ্য জানার অধিকার আয়কর বিভাগের আছে। কিন্তু এ সংক্রান্ত তথ্য জানতে চাইলে কেউ কেউ তা ইতিবাচকভাবে নেয় না। রিটার্ন দাখিলের শেষ দিনে শত শত রিটার্ন জমা পড়ে। অনেকে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমা নেওয়ার দাবি করেন।'
তারপরও হয়রানির কোনো অভিযোগ এলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় বলে আশ্বাস দেন রমেন্দ্র।
আগামী ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস উপলক্ষে সরকারি কার্য্য ভবন- ১ প্রাঙ্গনে সমাবেশ ও শোভাযাত্রা এবং এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদি করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে কর কমিশনাররা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/২০১৩ ঘ.
bdnews24