ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন বিশ্ব ব্যাংকের সফররত ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুরেরো।
রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসবভন গণভবনে দেখা করে এ আশ্বাস দেন গুরেরো।
সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত তারা আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন।
৮টা ৩০ থেকে ১০ মিনিট প্রধানমন্ত্রী ও বিশ্ব ব্যাংক ভাইস প্রেসিডেন্ট একান্তে কথা বলেন।
প্রধানসন্ত্রীর উপ প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের জানান, সরকারের চলমান দারিদ্র্য বিমোচন কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্ব ব্যাংক কীভাবে সহায়তা করতে পারে- তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে পদ্মা সেতু বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি।
২৯০ কোটি ডলারের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ছাড়াও এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার দিচ্ছে। বাকি অর্থের সংস্থান করছে সরকার।
প্রধানমন্ত্রী সফররত ভাইস প্রেসিডেন্টকে জানান, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম। এ ছাড়া আঞ্চলিক যোগাযোগ ও সহায়তার ক্ষেত্রে এ সেতুর গুরুত্বও প্রধানমন্ত্রী আলোচনায় তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১২৭ ঘ.
bdnews24