ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে সাত মাসের মধ্যে বৃহস্পতিবার সর্বনিম্ন ২৪১ কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এদিন সূচক সামান্য পড়ার পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হয়েছে মোট ২৪১ কোটি ৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেনের পরিমাণ ছিলো ৩০৮ কোটি টাকা।
এর আগে ২৫ জানুয়ারি ২০৬ কোটি টাকার লেনদেন হয়েছিলো। সে সময় বাজার ছিলো দুই ঘণ্টার। এর পর বৃহস্পতিবারের লেনদেনই সর্বনিম্ন।
অন্যদিকে বৃহস্পতিবার দিন শেষে সূচক দাঁড়ায় ৬০৭৭ দশমিক ৩১ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১৮ দশমিক ২২ পয়েন্ট কম। বুধবার সাধারণ সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিলো ৬০৯৫ পয়েন্ট।
হাতবদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৫৬টির এবং ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি প্রতিষ্ঠান হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, ইউসিবিএল, বেক্সিমকো লি., যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক লি., স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ওয়ান ব্যাংক লি. ও সিএমসি কামাল।
দর বৃদ্ধির শীর্ষে ১০টি প্রতিষ্ঠান হলো- লিগেসি ফুটওয়্যার, আইসিবি ইসলামিক, মুন্নু স্টাফর্লা, মার্কেন্টাইল ব্যাংক লি. ১ম মিউচ্যুয়াল ফান্ড, আনলিমা ইয়ার্ন, বিডি অটোকারস, লিব্রা ইনফিউশনস, রিলায়েন্স ইন্সুরেন্স, ষষ্ঠ আইসিবি ও স্ট্যান্ডার্ড সিরামিকস।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি প্রতিষ্ঠান হলো- সপ্তম আইসিবি, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, দুলামিয়া কটন, গ্রিনডেল্টা লাইফ ইন্সুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক, গ্লোবাল ইন্সুরেন্স, বঙ্গজ লি., মেঘনা পেট্রোলিয়াম, ফু-ওয়াং ফুডস্ ও এপেক্স ফুডস ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এমআই/১৬১৪ ঘ.
bdnews24