২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের স্বার্থেই ট্রানজিট প্রয়োজন: আজাদ

দেশের স্বার্থে ভারতকে ট্রানজিট দেওয়া দরকার বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের স্বার্থে ভারতকে ট্রানজিট দেওয়া দরকার বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। রোববার রাজধানীতে ফেডারেশন ভবনে এক মতবিনিময় সভায় আজাদ বলেন, "ট্রানজিটকে আমরা স্বাগত জানাই। দুই দেশের বাণিজ্যিক উন্নয়নের জন্য এটি প্রয়োজন। দেশের স্বার্থেই ট্রানজিট দেওয়ার বিষয়ে আমাদের সবার একমত হওয়া প্রয়োজন।" ভারতের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের বাংলাদেশ সফরের প্রেক্ষাপটে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বিষয়ে অভিমত তুলে ধরতে এ মতবিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই। দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। সমিতির সভাপতি আরো বলেন, "ট্রানজিটের রাস্তা ও নদী সংস্কারের জন্যে ভারত দুই বিলিয়ন ডলারের ঋণ দেবে। ট্রানজিট হলে ভারতের পাশপাশি নেপাল ভুটান থেকেও পণ্য আসা-যাওয়া করবে। তাই ঋণ না পেলেও আমাদের নিজেদের স্বার্থেই এটি এগিয়ে নিয়ে যাওয়া উচিত।" সভায় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্কোন্নয়নে শুল্ক সুবিধা, কাস্টমস ও অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ বিনিময়, ট্রানজিটসহ ১৫ দফা প্রস্তাব দেন তিনি। প্রতিবেশি দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য পোর্ট এন্ট্রি ভিসা ব্যবস্থা চালুর করতে ভারতের প্রতি আহ্বান জানান ঢাকা চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি আসিফ ইব্রাহিম। তিনি বলেন, "ট্রানজিট প্রশ্নে আমাদের মনকে বড় করতে হবে। দেশের কথা চিন্তা করেই আমাদের এটি মেনে নেওয়া দরকার।" ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ব্যবধানের চিত্র তুলে ধরে বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, "আমাদের গার্মেন্ট কারখানাগুলোর বেশিরভাগ কাচামাল ভারত থেকে আসে। আমরা যেমন তাদের কাচামাল ব্যবহার করছি, তেমনি তারাও আমাদের ফিনিসড গুডস ব্যবহারে এগিয়ে এলে পারস্পরিক বাণিজ্যের উন্নয়ন সম্ভব।" ভারতের প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক বাধাগুলো অপসারিত হবে আশা প্রকাশ করেন বক্তারা। অন্যদের মধ্যে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, মেট্রোপলিটন চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ড্রাস্ট্রিজের নেতা আমজাদ হোসেন চৌধুরী প্রমুখ মতবিনিময় সভায় বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/পিডি/১৮৫৯ ঘ.