ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটির পর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় মাত্র ১১৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে। ওই সময় পর্যন্ত কমেছে অধিকাংশ শেয়ারের দাম।
বেলা সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ সূচক দিনের শুরুর চেয়ে মাত্র ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১২ পয়েন্ট হয়। ২৫ অগাস্ট ঈদের আগের সর্বশেষ কার্যদিবসে সূচকের ঘরে ৬ হাজার ২১১ পয়েন্ট নিয়ে লেনদেন শেষ করেছিল ডিএসই।
রমজানে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চললেও রোববার থেকে আবার আগের নিয়মে সকাল ১১টা থেকে লেনদেন শুরু হয়। শব-ই কদর ও ঈদ-উল ফিতর মিলিয়ে ২৬ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে।
২৫ অগাস্ট সর্বশেষ কার্যদিবসে সূচক বেড়েছিল ৮০ পয়েন্ট। সেদিন হাত বদল হয়েছিল ৫৪৫ কোটি টাকার শেয়ার। আর রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ১১৫ কোটি টাকার ১২ কোটি ১৫ লাখ ৬ হাজার ৬৩টি শেয়ার।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ৮১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৬টির; ১৯টির দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১২৫১ ঘ.
bdnews24