ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বাজারে ৬১টি পণ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাওয়ার ব্যাপারে বাংলাদেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় এ বিষয়ে ঘোষণা আসবে বলে আমার আশাবাদী।"
"দুদিন অপেক্ষা করি। আশা করি আমরা একটা সুসংবাদ পাব।"
বাণিজ্যমন্ত্রী বলেন, "ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে আমার কথা হয়েছে। আমি দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক চাই।"
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুদিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা। এ অবস্থায় বাংলাদেশের ৬১টি পণ্য ভারতে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পেতে যাচ্ছে বলে গত ৩০ অগাস্ট খবর প্রকাশ করে বিবিসি।
২০০৯-১০ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দুশ ৯০ কোটি ডলার। ওই সময়ে বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ ৩০ কোটি ডলার। একই সময়ে আমদানির পরিমাণ তিনশ ২০ কোটি ডলার।
ভারত-বাংলঅদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাতলুব আহমদ স¤প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাণিজ্য ঘাটতি কমাতে ভারতে বাংলাদেশের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রয়োজন।"
তিনি জানান, বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে চারশ ৮০ ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক দিতে হয়। আশা করা যাচ্ছে ৬১টি পণ্য এই তালিকা থেকে ছাড় পাবে।
"৬১টির মধ্যে ৪৭টি তৈরি পোশাক খাতের।"
চলতি বছর থেকে প্রতি বছর এক কোটি পিস তৈরি পোশাকের শুল্কমুক্ত রপ্তানির অনুমতি রয়েছে ভারতের পক্ষ থেকে। এর আগে ৮০ লাখ পিস পোশাকের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ছিলো।
মাতলুব বলেন, "ভারতের তিন হাজার কোটি ডলারের তৈরি পোশাকের বাজার ধরতে হবে।"
"এর ১০ শতাংশও ধরা গেলে স্থানীয় রপ্তানিকারকরা তিনশ কোটি ডলার আয় করতে পারেন।"
এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, "রপ্তানিতে কোনো নিষেধ থাকা উচিত নয়।
"পৃথিবীর সব দেশ অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত এবং বাংলাদেশের উচিত এক্ষেত্রে নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাওয়া।"
বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানানো উচিত বলে মনে করেন মাতলুব আহমদ।
ভারতের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী মাসে ঢাকা আসছেন বলে জানান তিনি। ওই দলে ভারতী এয়ারটেলের প্রধান সুনীল মিত্তাল এবং আরপিজি গ্র"পের হর্ষ গোয়েঙ্কা থাকছেন।
ট্রানজিট কাঠামো এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "আমরা এ নিয়ে কাজ করছি।"
ট্রানজিট থেকে ভারত যে লাভ করবে তার একটি বাংলাদেশের দাবি করা উচিত বলে মত দেন মাতলুব আহমদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২২৫৬ ঘ.
bdnews24