ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতী এয়ারটেলের প্রধান সুনীল মিত্তাল এবং আরপিজি গ্রুপের হর্ষ গোয়েঙ্কাসহ ভারতীয় ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধিদল শিগগির বাংলাদেশে আসছে।
ইন্দো বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমেদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই প্রতিনিধি দলে সাতজন ব্যবসায়ী থাকতে পারেন। ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের পর এক মাসের মধ্যে তারা আসবেন।"
আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকা আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং।
মাতলুব জানান, সুনীল মিত্তাল, হর্ষ গোয়েঙ্কা এবং টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান বি. মাথুরমন ইতোমধ্যে এই প্রতিনিধি দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। রিলায়েন্স গ্রুপের একজন শীর্ষ কর্মকর্তাকেও এই দলে রাখার চেষ্টা চলছে।
নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব বলেন, "বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে ভারতীয় ব্যবসাীয়রা বিনিয়োগ করতে পারেন। তবে তা হতে হবে দুই দেশের যৌথ অংশীদারিত্বে।"
"আমরা তাদের বলেছি- আমাদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে আসতে। তারাও এ বিষয়ে একমত হয়েছেন," যোগ করেন বাংলাদেশের এই ব্যবসায়ী নেতা।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় আড়াই বিলিয়ন ডলার জানিয়ে আইবিসিসিআই সভাপতি বলেন, ভারতীয় ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগে এগিয়ে এলে এই ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে।
"বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূবাঞ্চলীয় রাজ্যগুলোতে রপ্তানিমুখি খাতে বিনিয়োগ করার জন্যও আমরা তাদের উদ্বুদ্ধ করছি," যোগ করেন তিনি।
ভারতে তৈরি পোশাকের ৩০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে জানিয়ে মাতলুব বলেন, "এর ১০ শতাংশ কাজও যদি বাংলাদেশ পায়, তাহলে পোশাক রপ্তানিতে আয় বাড়বে ৩০০ কোটি ডলার।"
বাংলাদেশ বর্তমানে ভারত থেকে কাঁচামাল, যন্ত্রাংশ ও বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করে থাকে। আর ভারত বাংলাদেশ থেকে মাছ ও তৈরি পোশাকের মতো কিছু পণ্য কেনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৭৪৯ ঘ.
bdnews24