ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে কালো টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলার বিধান চালু করার অর্থমন্ত্রীর ঘোষণাকে অভিনন্দন জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)।
বুধবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "দেরীতে হলেও সরকার পুঁজিবাজারে কালো টাকার উৎস নিয়ে প্রশ্ন করার যে বিধান চালু করতে যাচ্ছে তা ইতিবাচক।"
মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, কালো টাকা সাদা করার ক্ষেত্রে বিদ্যমান সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ (এসআরও) সরকার সংশোধন করতে যাচ্ছে। এর ফলে টাকা সাদা করার ক্ষেত্রে আয়কর অধ্যাদেশে প্রশ্ন করা না গেলেও অন্য আইনে প্রশ্ন তোলা যাবে।
বর্তমান এসআরও অনুযায়ী, আয়কর অধ্যাদেশের আওতায় অপ্রদর্শিত অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা যায় না।
টিআইবির বিবৃতিতে বলা হয়, কালো টাকা সাদা করার বিধান নৈতিকভাবে অগ্রহণযোগ্য ও বৈষম্যমূলক, রাজস্ব সংগ্রহের বিবেচনায় অর্থহীন এবং সর্বোপরি তা সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।
"কালো টাকার মালিকদের ক্রমাগত এ সুযোগ দেওয়ার মাধ্যমে অবৈধভাবে অর্থ উর্পাজনকে উৎসাহিত করা হচ্ছে।"
কালো টাকার বিনিয়োগ সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে কমপক্ষে ২৫-৫০ শতাংশ হারে কর আদায় বাধ্যতামূলক করতে টিআইপির পক্ষ থেকে দাবি জানানো হয় ওই বিবৃতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২২৩১ ঘ.
bdnews24