ঢাকা, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অযৌক্তিকভাবে' শেয়ারের দাম কমছে কেন- স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের এমন প্রশ্নের জবাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় প্রতিষ্ঠান জানিয়েছে, এ বিষয়ে তাদের হাতে কোনো 'মূল্য সংবেদনশীল' তথ্য নেই।
আইএফআইসি ব্যাংক, ডেসকো, ন্যাশনাল হাউজিং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, গ্রামীণ ফোন, বিডি ল্যাম্পস ও ডাচবাংলা ব্যাংক কর্তৃপক্ষের এই জবাব রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
কয়েকদিন ধরে প্রতিষ্ঠানগুলোর দাম কমতে থাকায় ডিএসইর পক্ষ থেকে তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছিল।
এ বিষয়ে ডিএসই সভাপতি শাকিল রিজভী বলেন, "বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দাম কমার পেছনে মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না তা জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কাছে এ রকম কোনো তথ্য নেই।"
তিনি বলেন, "যেসব প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন ভালো, ভালো লভ্যাংশও দিয়েছে- তারপরও তাদের শেয়ারের দাম কেন কমছে তা জানতে চাওয়া হয়েছে।"
"এতোদিন অধিকাংশ ক্ষেত্রে দাম অস্বাভাবিক বাড়লেই তার কারণ জানতে চাওয়া হতো। তবে অনেকেই বলেছেন, দাম কমলেও জানতে চাওয়া উচিৎ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০৩৯ ঘ.
bdnews24