২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আতঙ্কিত না হওয়ার পরামর্শ এসইসির

পুঁজিবাজারে দরপতন অব্যাহত থাকলেও তাতে আতঙ্কিত না হতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি। তারা বলেছে, বাজারের ওপর তাদের সজাগ পর্যবেক্ষণ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতন অব্যাহত থাকলেও তাতে আতঙ্কিত না হতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি। তারা বলেছে, বাজারের ওপর তাদের সজাগ পর্যবেক্ষণ রয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় পৌনে দুশ পয়েন্ট পড়ে গেলে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করে। অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ চেয়ে মিছিল করে তারা। বিনিয়োগকারীদের অনেকেই মনে করছেন, বছরের শুরুতে পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে মামলার ঘোষণা দেওয়ার কারণেই বাজারে দরপতন হয়েছে। মঙ্গলবার লেনদেন শেষ হওয়ার পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, "এর আগে তদন্ত কমিটি করা হয়েছিলো বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য। তাদের সুপারিশেই কয়েকজনের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।" "এ জন্য বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বাজার পর্যবেক্ষণ করছি," যোগ করেন তিনি। কবে মামলা হবে জানতে চাইলে এসইসি মুখপাত্র বলেন, "প্রক্রিয়া চলছে। আইনজীবি নিয়োগ দিতে হবে। কাগজপত্র প্রস্তুত করতে হবে। যে কোনো সময় হতে পারে।" এ সপ্তাহে হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে হবে। এটা রুটিন ওয়ার্ক।" মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচক ১৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯২ দশমিক ৯৪ পয়েন্টে। এ নিয়ে গত সাত দিনে সূচক কমলো ৫১৭ দশমিক ৫৯ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ২৯৫ দশমিক ৮৭ পয়েন্ট কমে হয়েছে ১১ হাজার ২৯৩ দশমিক ৬৮ পয়েন্ট। গত ৭ দিনে সিএসসিএক্স সূচক কমেছে ১ হাজার ৪৪ পয়েন্ট। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসই সূচক একশ পয়েন্টের বেশি নেমে গেলে মতিঝিলে রাস্তায় নেমে আসে বিনিয়োগকারীরা। এর আগে অল্প কিছুদিনে সূচকে ব্যাপক উত্থানের পর গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে টানা দরপতন ঘটলে বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী, গভর্নর ও এসইসি কমকর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছিল। বিক্ষোভ ও দরপতন ঠেকাতে না পেরে কয়েকদিন লেনদেন বন্ধও রাখা হয়েছিল দেশের দুই স্টক এক্সচেঞ্জে। সে সময় সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে শেয়ারের দাম আকষ্মিক বৃদ্ধির পেছনে কারসাজিসহ বেশকিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়। গত ৩০ এপ্রিল সরকারের পক্ষ থেকে জানানো হয়, এসব কারসাজির বিষয়ে এসইসি ব্যবস্থা নেবে। এসইসি সদস্য হেলাল উদ্দিন নিজামী গত রোববার সাংবাদিকদের বলেন, কারসাজির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। এদিকে গত দুইদিনে ডিএসইতে লেনদেন প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৮০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিলো। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৮৪২ কোটি টাকা। মঙ্গলবার ডিসএসইতে লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের দাম কমেছে, বেড়েছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির দাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৮১১ ঘ.