ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার কয়েকটি নতুন ব্যাংককে লাইসেন্স (নিবন্ধন) দেওয়ার 'রাজনৈতিক সিদ্ধান্ত' নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের 'বাজেট বাস্তবায়ন ও চ্যালেঞ্জ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, "আমার ধারণা, বাংলাদেশ ব্যাংক বলবে যে এই মুহূর্তে বাজার পরিপূর্ণ। তবে নতুন ব্যাংক লাইসেন্স দেওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক।"
"এটি (নতুন ব্যাংককে লাইসেন্স প্রদান) সরকারের ইচ্ছা। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে", যোগ করেন তিনি।
এর আগে জাতীয় সংসদেও নতুন ব্যাংক লাইসেন্স দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে জোর আপত্তি জানিয়ে বলে আসছে, এই মুহূর্তে বাজারে আর নতুন ব্যাংকের প্রয়োজন নেই।
রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাংক লাইসেন্স দিতে গিয়ে সরকার কেন্দ্রীয় ব্যাংকের ওপর প্রভাব খাটাবে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক ব্যাখ্যা করা কঠিন। তবে লাইসেন্স দেওয়ার বিষয়ে এই শেষবার হয়তো কেন্দ্রীয় ব্যাংককে প্রভাবিত করা হবে।"
সরকারের এই উদ্যোগের ফলে রাজনীতিবিদরাই লাভবান হবে- এমন সম্ভবনার বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, "হতেও পারে, আমার জানা নেই।"
তবে ঠিক কতটি নতুন ব্যাংক লাইসেন্স পাবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে ৪৮টি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। এর বাইরে আরো শতাধিক বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।
১৯৯৬-২০০১ সময়ে আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে বেশ কয়েকটি নতুন ব্যাংককে লাইসেন্স দেওয়া হয়। এরপর আর কোনো নতুন ব্যাংক অনুমোদন পায়নি।
আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের তদারক ব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্ব দিয়ে মুহিত বলেন, "তত্ত্বাবধায়ন ও পরিদর্শক এবং মুদ্রা ব্যবস্থাপনা বিভাগকে আরো শক্তিশালী করা হবে।"
প্রসঙ্গ: পুঁজিবাজার
বাজারে খুব বেশি ওঠানামা কাক্সিক্ষত নয়- এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, "আমরা (বিনিয়োগকারীরা) চাই, প্রতিদিনই বাজার ঊর্ধ্বমুখী থাক। বাজার পড়ে গেলেই দোষারোপ শুরু হয়ে যায়। এটা রাজনৈতিক মানসিকতা।"
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) শেয়ার বাজারকে গতিশীল করতে নিয়মিত কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মুহিত জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হবে এবং এ বিষয়ে সরকার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে।
"রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে আপত্তি জানালেও আমরা তাদের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছি। ওই সময়ের মধ্যে তাদের বাজারে আসতে হবে।"
লেনদেন ভারসাম্য
আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে দেশের অর্থনীতি চাপের মুখ পড়ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "এরকম চলতে থাকলে এটি আমাদের জন্য ব্যাপক সমস্যা সৃষ্টি করবে।"
বাজারে নিয়ন্ত্রণ রাখায় ডলার ও টাকার বিনিময় মূল্য দীর্ঘদিন ৬৯ টাকার মধ্যে ছিলো, তবে এখন এটি ৭৩ থেকে ৭৫ টাকার মধ্যে অবস্থান করছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী জানান, বৈশ্বিক মন্দায় সরকার কোনো ধরনের ব্যয় সঙ্কোচনের মধ্যে যায়নি। তবে এখন আমরা ব্যয় সঙ্কোচনের কথা ভাবছি।"
ট্রানজিট রুট
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা করছেন, সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে ট্রানজিট বিষয়ে কয়েকটি প্রটোকল স্বাক্ষরিত হবে।
"ট্রানজিটের জন্য ১৪টি রুটের বিষয়ে চুক্তিতে সরকার একমত হলেও আগামীকালই এগুলো খুলে দেওয়া সম্ভব নয়," বলেন তিনি।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও জানিয়েছিলেন, মনমোহনের সফরেই বেশ কয়েকটি চুক্তি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/১৮২৪ ঘ.
bdnews24