২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বসছে সীমান্ত হাট

কুড়িগ্রামের বালিয়ামারী ও ভারতের মেঘালয় রাজ্যের কালাইরচর সীমান্তের 'জিরো পয়েন্টে' অবশেষে বসছে বহু আলোচিত সীমান্ত হাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়া দিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 10:22 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা শনিবার যৌথভাবে এই হাটের উদ্বোধন করবেন।

২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় উভয়পক্ষ সীমান্তে এই হাট চালুর বিষয়ে একমত হয়। গত বছর ২৩ অক্টোবর এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। বলা হচ্ছে, এই সীমান্ত হাট দিয়ে দুই দেশের মধ্যে বছরে ২ কোটি ডলারের ব্যবসা হবে।

আনন্দ শর্মা এক বিবৃতিতে বলেন, সীমান্ত হাট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

"এই হাট চালু হলে সীমন্তের দুই পাশের গ্রামগুলোর উন্নয়ন তরান্বিত হবে। নিজেদের উৎপাদিত পণ্য এই হাটে বিক্রি করতে পারবে তারা।"

প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই হাটে বিক্রি হবে উভয় দেশের ৪৭ ধরনের পণ্য।

ভারতীর পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো স্থানীয়ভাবে উৎপাদিত শাক-সব্জি, বিভিন্ন ধরনের খাবার ও ফল, মসলা, বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী, মাছ ও শুঁটকি, দুধ, হাঁস-মুরগি, কাঠের আসবাবপত্র ও তাঁতে বোনো গামছা-লুঙ্গি ইত্যাদি।

অন্যদিকে বাংলাদেশি পণ্যের মধ্যে থাকবে চিপস, চানাচুর, আলু, তৈরি পোশাক, শুঁটকি, হাঁস-মুরগি, ডিম, সাবান, সিম ও আসবাবপত্র ইত্যাদি।

প্রাথমিকভাবে এই হাটে আটটি ছাউনিতে উভয় দেশের ২৫ জন করে ৫০ জন ব্যবসায়ী পণ্য কেনাবেচা করতে পারবেন। হাটের জন্য নির্ধারিত চার বিঘা জমি এরইমধ্যে কাঁটাতার দিয়ে ঘেরা হয়েছে।

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমাসহ দুই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতা ও বিশিষ্টজনেরা বালিয়ামারী-কালাইরচর সীমান্ত হাটের উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

দুই দেশের সমঝোতা অনুযায়ী প্রাথমিকভাবে দুটি সীমান্ত হাট চালু করা হবে। বালিয়ামারী-কালাইরচর সীমান্ত ছাড়াও সুনামগঞ্জের লাউঘর ও পূর্ব খাসিয়া পাহাড়ের বালাট সীমান্তে আরেকটি হাট চালু হবে। এরপর ধাপে ধাপে হাট চালু হবে আরো কয়েকটি সীমান্তে।