২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে কেনা হবে ৩০০ বাস ও ট্রাক

ভারতীয় ঋণের টাকায় সেদেশ থেকে বিআরটিসির জন্য ৩০০ বাস ও ট্রাক কিনবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ঋণের টাকায় সেদেশ থেকে বিআরটিসির জন্য ৩০০ বাস ও ট্রাক কিনবে সরকার। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে ভারতীয় ঋণের টাকায় প্রকল্প বাস্তবায়ন বিষয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, "এগুলো আমরা অন্য জায়গা থেকেও আনতে পারতাম। যেহেতু ভারত থেকেই ক্রেডিট (ঋণ) পাচ্ছি। তাই সেখান থেকেই আনবো।" তবে ৩০০ বাস ও ট্রাক কিনতে কতো টাকা ব্যয় হবে তা জানাতে পারেননি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "ভারতীয় ঋণের টাকায় আমরা যে ২০টি প্রকল্প নিয়েছি, তার মধ্যেই বাস-ট্রাক কেনার প্রকল্প রয়েছে। এর জন্য কতো খরচ হবে সেটা না দেখে বলতে পারছি না।" অর্থনৈতিক সম্পর্ক বিভাগ গত বছর ৭ আগস্ট ১০০ কোটি ডলার ঋণের জন্য ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি করে। চুক্তিতে শর্ত ছিল- এই অর্থে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে যন্ত্রাংশ ও সেবা কেনা হবে তার ৮৫ শতাংশ নিতে হবে ভারত থেকে। ২০১০ সালের আগস্টে করা ওই চুক্তি কার্যকর হয়েছে চলতি বছরের ফেব্র"য়ারি থেকে। অর্থাৎ টাকা ব্যবহার না হলেও বাংলাদেশকে ফেব্র"য়ারি থেকেই সুদ গুণতে হবে। ২০ বছর মেয়াদী এই চুক্তির আওতায় ভারতীয় এক্সিম ব্যাংক বছরে ১ দশমিক ৭৫ শতাংশ হারে সুদ নেবে। ওই অর্থে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, তার আওতায় রেল অবকাঠামো উন্নয়ন, নতুন রেল লাইন স্থাপন, রেল সেতু নির্মাণ ছাড়াও ডিজেল মাল্টিপল ইউনিট, লোকোমোটিভ, প্যাসেঞ্জার কোচ, ট্যাংক ওয়াগন, ফ্লাট ওয়াগন এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করা হবে। অর্থমন্ত্রী বলেন, "ঋণের অর্থে ২০টি প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে দুটি প্রকল্পের ব্যাপারে ভারতের সঙ্গে চুক্তি হয়েছে। আরো ৫টি হওয়ার পথে। এসব প্রকল্পের মধ্যে দু'চারটি নিয়ে 'সমস্যা' হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। কি ধরনের সমস্যা হতে পারে জানতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বলেন, "পদ্ধতিগত ব্যাপারে কিছু সমস্যা আছে। হয়তো তারা কি চাচ্ছে- তা আমরা বুঝতে পারছি না। আবার আমরা কি চাচ্ছি তারা হয়তো বুঝতে পারছে না। এসব নিয়েই আজকের বৈঠক হয়েছে।" বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা ছাড়াও ভারতীয় উপ হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৯১৭ ঘ.