২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগ চায় মালদ্বীপ

বাংলাদেশ থেকে পণ্য নিতে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের আগ্রহ দেখিয়েছে মালদ্বীপ। এ সংযোগ হবে হিথাধু সমুদ্র বন্দরের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে পণ্য নিতে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের আগ্রহ দেখিয়েছে মালদ্বীপ। এ সংযোগ হবে হিথাধু সমুদ্র বন্দরের সঙ্গে। ভারত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রের প্রতিমন্ত্রী আবদুল্লাহ শহীদ বুধবার ঢাকায় এক আলোচনা সভায় চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরির আগ্রহের কথা জানান। তিনি হিথাধু সমুদ্র বন্দরেরও চেয়ারম্যান। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ওই সভায় শহীদ বলেন, "মালদ্বীপে নির্মাণ শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে এবং বাংলাদেশ থেকে বালু, লোহা ও ধাতব পাত প্রভৃতি নির্মাণ সামগ্রী আমদানি করা সম্ভব।" এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। "দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুসংহত করতে নৌসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌ-সংযোগ তখনই সম্ভব হবে, যখন পণ্য পরিবহন লাভজনক হবে", বলেন মালদ্বীপের প্রতিমন্ত্রী। নৌ-সংযোগ স্থাপনের বিভিন্ন দিক বিশ্লেষনে কয়েকটি শিপিং কোম্পানির সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। এফবিসিসিআই সভাপতি একে আজাদ বলেন, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে এবং পর্যটন শিল্পের প্রসারে উভয় দেশের সরকার সরাসরি আকাশ সংযোগ স্থাপন করতে পারে। বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আহমেদ সারীর জানান, মালদ্বীপে ৬০ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছেন এবং তার দেশ আরো পেশাজীবী নিয়োগে আগ্রহী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এমআই/১৬৩০ ঘ.