২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ কার্যকর

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের বিষয়ে 'বহুপ্রতীক্ষিত' আদেশটি জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এই আদেশ অনুযায়ী ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ ১ জুলাই থেকেই কার্যকর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের বিষয়ে 'বহুপ্রতীক্ষিত' আদেশটি জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এই আদেশ অনুযায়ী ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ ১ জুলাই থেকেই কার্যকর হয়েছে। এই সুবিধার ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে, বাজারে বিনিয়োগ করা কালো টাকা দুই বছরের মধ্যে তোলা যাবে না। তবে নির্ধারিত সময়ের আগে বিনিয়োগের ওপর থেকে লাভ তুলতে পারবেন বিনিয়োগকারী। বাজারে তালিকাভুক্ত (পাবলিক লিস্টেড) কোম্পানিগুলোর ক্ষেত্রে 'অপ্রদর্শিত আয়' বিনিয়োগের এই সুবিধা প্রযোজ্য হবে না। এ বিষয়ে বিধিবদ্ধ আদেশ জারির পর শুক্রবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তা প্রচার করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এতে বলা হয়েছে, কালো টাকা সাদা করার এই সুযোগ বহাল থাকবে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত। এর আগে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ সম্মেলনে সংস্থার আয়কর নীতি বিভাগের প্রথম সচিব অপূর্ব কান্তি দাশ বলেন, "২০১১-১২ অর্থবছরের জুন পর্যন্ত পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ২০১৩ সালের জুন মাস পর্যন্ত পুঁজিবাজারে অর্থাৎ বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে তা রাখতে হবে। তিনি বলেন, "এক শেয়ার বিক্রি করে অন্য শেয়ার কেনা যাবে, শেয়ার বিক্রি করে চলে যেতে চাইলে দেওয়া সুযোগ আর থাকবে না। তবে নির্ধারিত সময়ের আগে বিনিয়োগের ওপর থেকে লাভ তুলে নিতে পারবে।" বিভিন্ন মহলের দাবির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সুপারিশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন অর্থবছরে বন্ডের পাশাপাশি পুঁজিবাজারেও কালো টাকা সাদা করার এই সুযোগ রাখেন। বর্তমান সরকারের প্রথম বাজেটে (২০০৯-১০) পুঁজিবাজারসহ চারটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিলো। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে প্রায় ৪২৩ কোটি 'কালো' টাকা পুঁজিবাজারে খাটানো হয়। তবে গত অর্থবছরে এ সুযোগ ছিলো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২১০৫ ঘ.