ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগ করা কালো টাকা আগামী দুই বছরে তোলা যাবে না। তুললে সুবিধা হারাতে হবে বলে সতর্কবার্তা দিয়েছে এনবিআর।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ সম্মেলনে সংস্থার আয়কর নীতি বিভাগের প্রথম সচিব অপূর্ব কান্তি দাশ বলেন, "২০১১-১২ অর্থবছরের জুন পর্যন্ত পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ২০১৩ সালের জুন মাস পর্যন্ত পুঁজিবাজারে অর্থাৎ বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে তা রাখতে হবে।
"এক শেয়ার বিক্রি করে অন্য শেয়ার কেনা যাবে, শেয়ার বিক্রি করে চলে যেতে চাইলে দেওয়া সুযোগ আর থাকবে না। তবে নির্ধারিত সময়ের আগে বিনিয়োগের ওপর থেকে লাভ তুলে নিতে পারবে", বলেন তিনি।
বিভিন্ন মহলের দাবির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সুপারিশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বর্তমান অর্থবছরে পুঁজিবাজারেও কালো টাকা সাদা করার সুযোগ রেখেছেন। পুঁজিবাজারে ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করা যাচ্ছে।
বর্তমান সরকারের প্রথম বাজেটে (২০০৯-১০) পুঁজিবাজারসহ চারটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিলো। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে প্রায় ৪২৩ কোটি 'কালো' টাকা পুঁজিবাজারে খাটানো হয়। তবে গত অর্থবছরে এ সুযোগ ছিলো না।
অপূর্ব কান্তি বলেন, পুঁজিবাজারে কালো টাকা যেন দীর্ঘমেয়াদে কাজে লাগানো যায়, সে জন্যই এ সুযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, কালোটাকা সাদা করার সুযোগ পুঁজিবাজার চাঙা করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
অর্থমন্ত্রী গত ২৯ জুন সংসদে কালো টাকা সাদার সুযোগ দেওয়ার ঘোষণা দিলে পরদিনই চাঙা হয়ে ওঠে পুঁজিবাজার। এরপর টানা কয়েকদিন লেনদেন ও সূচক বাড়তে থাকে। আড়াই মাসের মধ্যে গত রোববার লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।
এনবিআরের সংবাদ সম্মেলনে বলা হয়, কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে এনবিআরকে জানাতে হবে। একটি ফরম পূরণ করে তারপরই অর্থ বিনিয়োগ করতে হবে। বিনিয়োগককারীদের পোর্টফোলিও'র দিকে এনবিআরের নজর থাকবে।
রাজস্ব আদায়ে ২৬ শতাংশ প্রবৃদ্ধি
রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে ডাকা ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অর্থবছরে রাজস্ব আদায় ২৬ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।
এনবিআর চেয়ারম্যান জানান, ২০১০-১১ অর্থবছরে শুরুতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৭২ হাজার ৫৯০ কোটি টাকা, যা পরে সংশোধন করে ৭৫ হাজার ৬০০ কোটি টাকা করা হয়। তবে বছর শেষে আদায় হয়েছে ৭৮ হাজার ৬৫১ কোটি ৮৬ হাজার কোটি টাকা।
গত অর্থবছরে আমদানি-রপ্তানি খাতে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৯৩ শতাংশ, ভ্যাট আদায় বেড়েছে ২৬ দশমিক ৮৩ শতাংশ, আয়কর খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৮৯ শতাংশ এবং অন্যান্য কর আদায় বেড়েছে ৬ দশমিক ০৯ শতাংশ।
চলতি অর্থবছরেও রাজস্ব আদায় বাড়বে বলে আশা করছে এনবিআর। এ বছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে ৯১ হাজার ৮৭০ কোটি টাকা।
বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হবে কি না- জানতে চাইলে নাসিরউদ্দিন বলেন, "ঝুঁকি তো একটু থাকেই। তবে আমরা আশাবাদী, অস্থিরতা কেটে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/এমআই/১৩০০ ঘ.
bdnews24