ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে চলতি অর্থবছরের অডিট আপত্তি ও ট্যাক্স-বহির্ভূত রাজস্ব আদায় সংক্রান্ত বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন চেয়েও পাচ্ছে না জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে তাগাদা দিয়ে একদিনের মধ্যে এসব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাজেট ও অডিট শাখার সহকারী সচিব মাসুমুর রহমান স্বাক্ষরিত তাগাদাপত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এসব তথ্য জমা দিতে বলা হয়।
এতে বলা হয়, ৩০ জুনের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোর পক্ষ থেকে অডিট আপত্তি ও ট্যাক্স বহির্ভূত রাজস্ব আদায়ের তথ্য মন্ত্রণালয়ে জমা না দিলে এ ধরনের কোনো তথ্য নেই বলে বিবেচিত হবে।
এ ব্যাপারে সহকারী সচিব মাসুমুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনলাইনে ও কাগুজে নথির মাধ্যমে কিছু মন্ত্রণালয় ও বিভাগের তথ্য পাওয়ার কথা স্বীকার করেন।
তবে কোনো কোনো মন্ত্রণালয় ও বিভাগ নথি পাঠায়নি- সে ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে নির্ধারিত ছক অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের চাওয়া তথ্য ২৮ জুনের মধ্যে ফ্যাক্স বা বিশেষ বাহকের মাধ্যমে পাঠানোর অনুরোধ করা হয়। কিন্তু অনেক মন্ত্রণালয় ও বিভাগ থেকে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। এতে মন্ত্রিপরিষদ বিভাগে এসব তথ্য পাঠানো সম্ভব হচ্ছে না।
গত ২২ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বার্ষিক আর্থিক প্রতিবেদন চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে চিঠি দেওয়া হয়।
ওই চিঠিতে অডিট আপত্তি সংক্রান্ত তথ্য ও সরকারি প্রতিষ্ঠানগুলোর আয়ের লভ্যাংশ, মুনাফা ও আদায়কৃত রাজস্ব থেকে সরকারি কোষাগারে জমার পরিমাণ জানাতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯৩৬ ঘ.
bdnews24