২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফকে ঘুষ দিয়ে জরিমানা গুনছে নাইকো

গ্যাসকূপে বিস্ফোরণের পর ক্ষতিপূরণ এড়াতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করায় নাইকোকে প্রায় কোটি ডলার জরিমানা করেছে কানাডার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসকূপে বিস্ফোরণের পর ক্ষতিপূরণ এড়াতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করায় নাইকোকে প্রায় কোটি ডলার জরিমানা করেছে কানাডার একটি আদালত। শুক্রবার কানাডার ক্যালগারির আদালত এ সাজা দেয় বলে কানাডার বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়েছে। রায়ে নাইকোকে ৯৫ লাখ ডলার জরিমানা করা হয়েছে। বিচারক স্কট ব্র"কার বলেছেন, ঘুষের এ বিষয়টি কানাডাবাসীর জন্য লজ্জাজনক। রায়ের পর কানাডাভিত্তিক কোম্পানি নাইকো রিসোর্সেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এড সিম্পসন এক বিবৃতিতে বলেছেন, "তখন যা হয়েছিলো (ঘুষ দেওয়া), তা ভুল হয়েছিলো। আমরা তা স্বীকার করছি।" আদালতে নাইকো স্বীকার করেছে, ২০০৫ সালের মে মাসে মোশাররফকে প্রায় ২ লাখ ডলার দামের একটি টয়োটা ল্যান্ড ক্রুইজার উপঢৌকন দেয় তারা। এরপর তাকে বিভিন্ন স্থানে ভ্রমণ বাবদ ৫ হাজার ডলার দেওয়া হয় তাকে। ওই সময় ক্যালগারিতে এক জ্বালানি সম্মেলনে অংশ নিয়েছিলেন মোশাররফ। ওই সময় লেনদেন হয়। নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় ওই সময় পদত্যাগ করেছিলেন মোশাররফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১২০ ঘ.