২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হিসাবের খাতার ৫ হাজার কোটি টাকা বিনিয়োগে আসবে'

ঋণ-আমানত হার (সিডিআর) হিসাব করার সময় সংরক্ষিত নগদ মূলধন এবং আন্তঃব্যাংক আমানতকেও (কলমানি) ব্যাংকের আমানত হিসেবে গণ্য করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 06:03 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ-আমানত হার (সিডিআর) হিসাব করার সময় সংরক্ষিত নগদ মূলধন এবং আন্তঃব্যাংক আমানতকেও (কলমানি) ব্যাংকের আমানত হিসেবে গণ্য করা হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ব্যাংক খাতের তারল্য সংকট কাটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ব্যাংক খাতে হিসাবের খাতায় থাকা পাঁচ হাজার কোটি টাকা নতুন করে বিনিয়োগে আসবে। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান ও নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমও এ সময় উপস্থিত ছিলেন। এস কে সুর বলেন, "এই সিদ্ধান্তের ফলে ব্যাংকে বিনিয়োগযোগ্য টাকার প্রবাহ বাড়বে। সেইসঙ্গে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতাও বাড়বে।" তবে কলমানির টাকা আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই আমানত হিসাবে গণ্য করা হবে না বলে জানান তিনি। এই সিদ্ধান্তের ফলে বাজারে টাকার প্রবাহ বেড়ে মূল্যস্ফীতি আরও ঊর্ধ্বমুখি হবে কি না- জানতে চাইলে সুর বলেন, "মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাানীতির মাধ্যমে নির্দেশনা দিয়ে থাকে। মূল্যস্ফীতি বাড়তে থাকলে কেন্দ্রীয় ব্যাংক তার নীতি নির্ধারণী হাতিয়ারগুলোর ব্যবহার বাড়াবে।" মুরশিদ কুলি খান বলেন, প্রচলিত নিয়মে ব্যাংকের সামগ্রিক ঋণ-আমানত অনুপাত হিসাব করার সময় আন্তঃব্যাংক আমানতকে ব্যাংকের আমানত হিসাবে ধরা হয় না। কারণ এক ব্যাংকের আমানত অন্য ব্যাংকে ঋণ হিসাবে যাওয়ার পর আমানত হিসাবে বিবেচনা করলে একই টাকা দুইবার গণনা (দ্বৈত হিসাবায়ন) হয়ে যায়। "কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক মনে করে এ পদ্ধতির পরিবর্তন হওয়া প্রয়োজন। যে সব ব্যাংকের কাছে কলমানি ধার (কলমানি বরোয়িং) ছাড়া অন্য ব্যাংকের স্থায়ী আমানত থাকে, তারা ইচ্ছা করলে ওই আমানতের একটি অংশ বিনিয়োগ করতে পারবে।" এ বিষয়টি বিবেচনায় নিয়েই ঋণ-আমানত হার হিসাবের প্রক্রিয়ায় এই পরিবর্তন আনা হয়েছে বলে ডেপুটি গভর্নর জানান। তার মতে, এতে করে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা আরও সহজ হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গত বছর পুঁজিবাজারে ব্যাপক মাত্রায় বিনিয়োগ শুরু করার পর ঋণ দেওয়ার ক্ষেত্রে তারা অর্থসঙ্কটে পড়ে। এছাড়া এসএমই ও শিল্পসহ উৎপাদন খাতে ব্যাংকের দেওয়া ঋণের অর্থও শেয়ারবাজারসহ বিভিন্ন অনুৎপাদনশীল খাতে চলে যায়। অভিযোগ রয়েছে, ওই সময় ঋণ-আমানতের (সিডিআর) নির্ধারিত হারও ব্যাংকগুলো মানেনি। কোনো কোনো ব্যাংক আমানতের ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ঋণ হিসেবে বিতরণ করে ফেলে। কেন্দ্রীয় ব্যাংক ঋণের এই পরিমাণকে নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনার নির্দেশ দিলে ব্যাংকগুলোর নতুন করে ঋণ বিতরণে নিয়ে বাধার সৃষ্টি হয়। প্রতিষ্ঠানগুলো নতুন আমানত সংগ্রহের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করায় শুরু হয় সুদের হার বাড়ানোর অসম প্রতিযোগিতা। এক পর্যায়ে আমানতের সুদের হার ১৪ শতাংশ ছাড়িয়ে যায়। এই পরিস্থিতিতে এসে ঋণের সুদের হারও বাড়তে শুরু করে। এই জটিলতা নিরসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যান হন ব্যাংক মালিকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দফার বৈঠকের পর ঋণের সর্বোচ্চ সুদ হারের সীমা তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। আর দ্বিতীয় দফা বৈঠকে ব্যাংক মালিকদের দাবির প্রেক্ষিতে ঋণ-আমানত অনুপাতের হিসাবের ক্ষেত্রে পরিবর্তন আনতে রাজি হন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। আর ব্যাংকগুলো জানায়, তারা আমানতের ক্ষেত্রে ১২ শতাংশের বেশি সুদ দেবে না। মুরশিদ কুলী খান বলেন, ব্যাংকিং খাতে দায়-সম্পদ ব্যবস্থাপনার সঠিক হিসাবায়নে দক্ষ জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে। কয়েকটি ব্যাংকের অদক্ষ দায়-সম্পদ ব্যবস্থাপনার কারণে সম্প্রতি বাজারে তারল্য ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে প্রতিদিন ব্যাংক খাতে গড়ে নয় হাজার কোটি টাকার জোগান দেওয়া হচ্ছে। তবে এই টাকা যাতে যেনতেনভাবে বিনিয়োগ করা না হয়- কেন্দ্রীয় ব্যাংক সেদিকে খেয়াল রাখবে। তিনি জানান, ব্যাংকগুলো ইতোমধ্যে তাদের ঋণ-আমানতের ভারসম্য কিছুটা হলেও ফিরিয়ে আনতে পেরেছে। গত ফেব্র"য়ারি মাসে এই হার ছিল ৮৫ দশমিক ৬৪ শতাংশ। তা কমে ৮১ দশমিক ৫৪ শতাংশে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২৩৫৭ ঘ.