ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে গত পাঁচ বছরে দারিদ্র্যের হার সাড়ে আট শতাংশ কমেছে বলে সফররত বৃটিশ মন্ত্রী অ্যালান ডানককে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বুধবার সচিবালয়ে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ডানকান দেখা করলে খাদ্যমন্ত্রী তাকে জানান, বাংলাদেশে দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে ৩১ দশমিক ৫ ভাগ হয়েছে।
বিকেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যুক্তরাজ্য সহযোগিতা আরো বাড়াবে জানিয়ে ডানকান বলেন, বর্তমানে যে প্রকল্পগুলো চলছে তার বাস্তবায়ন অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক।
ডানকান বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, বাংলাদেশের এ কার্যক্রমকে শক্তিশালী করতে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচিতে (সিডিএমপি) তার দেশ সহযোগিতা দিচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগ ব্যবস্থাপনায় তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময়ে ডানকান তার দেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন উত্তরাঞ্চলের চর এলাকার চর জীবিকায়ন প্রকল্পের বিষয়ে মন্ত্রীকে তার সফরের প্রতিক্রিয়া জানান।
এ সফরে মঙ্গলবার তিনি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি দেখেছেন এবং খুশি হয়েছেন বলে জানান।
সিডিএমপি'র কার্যক্রম সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, এ কর্মসূচির আওতায় দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হচ্ছে। প্রথম পর্যায়ের কর্মসূচির সফল বাস্তবায়নের পর বর্তমানে দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে।
এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব ড. এম আসলাম আলম, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভানস উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএম/পিডি/১৯৫২ ঘ.
bdnews24