২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পরিবেশক নিয়োগ সম্পন্ন হয়নি

সরকারি ঘোষণা অনুসারে ডিও প্রথার পরিবর্তে পরিবেশক পদ্ধতি মঙ্গলবার থেকে চালু হলেও চট্টগ্রামের ব্যবসায়ীরা পরিবেশক নিয়োগ সম্পন্ন করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ঘোষণা অনুসারে ডিও প্রথার পরিবর্তে পরিবেশক পদ্ধতি মঙ্গলবার থেকে চালু হলেও চট্টগ্রামের ব্যবসায়ীরা পরিবেশক নিয়োগ সম্পন্ন করতে পারেনি। চট্টগ্রামের তেল ও চিনি মিল মালিক এবং পাইকারী ব্যবসায়ীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এখনো বাজারে রয়েছে বেশ কিছু পুরনো ডিও (ডেলিভারি অর্ডার)। পরিবেশক নিয়োগ শেষে কবে নাগাদ এ পদ্ধতি পুরোপুরি চালু সম্ভব হবে তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা। পাইকারী ব্যবসায়ীরা জানিয়েছেন, পুরনো ডিও বাজারে থাকায় এবং পরিবেশকদের কাছ থেকে মিল মালিকরা জামানত দাবি করায় নির্ধারিত সংখ্যক পরিবেশক নিয়োগ নির্দিষ্ট সময়ে সম্ভব হয়নি। বাণিজ্য সচিব গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার থেকে পরিবেশক পদ্ধতিতে পণ্য বিপণন ব্যবস্থা শুরু হয়েছে। চট্টগ্রামের একটি ছাড়া অন্য কোনো মিল মালিকই নিয়োগকৃত পরিবেশকের তালিকা হস্তান্তর করেনি জানিয়ে গোলাম হোসেন বলেন, মিল মালিকরা নতুন পদ্ধতি চালু হয়েছে বলে জানালেও পরিবেশকদের তালিকা দিতে পারেনি। খাতুনগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১ জুন পরিবেশক পদ্ধতি চালুর সময় নির্ধারিত থাকলেও পরিবেশক নিয়োগের কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। সরকার এ বছরের ২৩ মার্চ 'অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগে আদেশ- ২০১১' জারি করে। ওই আদেশে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে পরিবেশক নিয়োগ সম্পন্ন করতে বলা হয়। গত ১৬ জুন বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল পরিশোধনকারী ও ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্য সচিব গোলাম হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ২১ জুন থেকে চালু হবে পরিবেশক পদ্ধতি। প্রায় ৬০ থেকে ৬৫ ভাগ পরিবেশক নিয়োগ হয়েছে। বাকি নিয়োগ ৩০ জুনের মধ্যে শেষ হবে। মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রায় ৬০ শতাংশ পরিবেশক নিয়োগ হয়েছে। 'রাতারাতি সম্ভব নয়' তেল পরিশোধনকারী 'এসএ গ্র"পে'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাহাবুদ্দিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিও প্রথা বাতিল করে রাতারাতি পরিবেশক পদ্ধতি চালু করা সম্ভব নয়। এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে যেতে কিছু সময়ের প্রয়োজন। তেলের ক্ষেত্রে কিছু পরিবেশক নিয়োগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে আমার মিলের পণ্য বিপণনে এখনো পর্যন্ত পরিবেশক নিয়োগ হয়নি। পরিবেশক নিয়োগে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পরিবেশকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পণ্যের মূল্য পরিশোধ ও পণ্য হস্তান্তর প্রক্রিয়া নির্ধারিত হলেই কার্যকরভাবে পরিবেশক পদ্ধতি চালু করা সম্ভব হবে বলে জানান সাহাবুদ্দিন। খাতুনগঞ্জের ব্যবসায়ী 'হাসান এন্ড ব্রাদার্সে'র স্বত্ত্বাধিকারী মীর মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবারও ডিও'র মাধ্যমেই পণ্য কেনা-বেচা হয়েছে। তেল ও চিনির এই পাইকারি ব্যবসায়ী জানান, মিল মালিকরা পরিবেশক নিয়োগে নির্দিষ্ট ফরমে আবেদন আহ্বান করেছে। আমরা আবেদন করেছি। খাতুনগঞ্জের পাইকারী প্রতিষ্ঠান 'মেসার্স আরএম এন্টারপ্রাইজের' স্বত্ত্বাধিকারী আলমগীর পারভেজ জানান, কিছু মিলে অল্প কয়েকজন পরিবেশক নিয়োগ করা হলেও মঙ্গলবার এ পদ্ধতিতে কোনো পণ্য বিক্রি হয়নি। চিনি উৎপাদনকারী 'এসআলম গ্র"পে'র ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ জানান, আমাদের প্রতিষ্ঠানের পণ্য বিপণনে সারাদেশে ৫৫০ জন পরিবেশক নিয়োগ করা হবে। মঙ্গলবার পর্যন্ত মাত্র ৬০ জন পরিবেশক নিয়োগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকিদের নিয়োগ প্রক্রিয়াধীন। তবে এ পদ্ধতিতে পণ্যের মূল্য কী হবে তা নির্ধারণ করা হয়নি। বাণিজ্য সচিব গোলাম হোসেন জানান, মূল্য পরিশোধ ও হস্তান্তর প্রক্রিয়া কী হবে তা মিল মালিকরা জানালে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবেশকদের কাছ থেকে মিল মালিকদের জামানত দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা মিল মালিকদের বিষয়। বিডিনিউজ টোয়েন্টিেেফার ডটকম/প্রতিনিধি/সিএম/এমসি/পিডি/২১১৫ ঘ.