ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ওই কমিটি গঠন করা হয়েছে কিছু টোকাই নিয়ে।
রোববার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ মুজিবুল হক সংসদের বৈঠকে সভাপতিত্ব করছিলেন।
জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ সম্পর্কে হাছান মাহমুদ বলেন, "তাকে জাতীয় কমিটি করার ম্যান্ডেট কে দিয়েছে? তাদের কে দায়িত্ব দিয়েছে? কিছু টোকাই নিয়ে গঠিত কমিটি কীভাবে জাতীয় কমিটি হয়?"
বঙ্গোপসাগরের দুটি ব্লক থেকে তেল-গ্যাস উত্তোলনের জন্য সরকার গত বৃহস্পতিবার কনকো-ফিলিপসের সঙ্গে 'উৎপাদন-বণ্টন' চুক্তি করে। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছে। চুক্তি বাতিলের দাবিতে আগামী ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতালও ডেকেছে তারা।
কমিটির বক্তব্য, কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি হলে মডেল পিএসসি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে।
তেল-গ্যাস কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের প্রতি ইংগিত করে হাছান মাহমুদ বলেন, "উনি অর্থনীতির অধ্যাপক। উনি খনিজ সম্পদ নিয়ে কিছু করেননি। তারা দেশের বুকে ছুরিকাঘাত করতে চায়।"
হরতাল কর্মসূচি দিয়ে কমিটি আলোচনায় থাকতে চায় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই চুক্তির বিরোধিতাকারীদের সমালোচনা করেন। এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমরা যখন দেশের জন্য কাজ করছি, আপনারা তখন বিরোধিতা করছেন। যখন বিদ্যুৎ গ্যাস ছিল না, তখন তো কিছু বলেননি।"
হাছান মাহমুদ রোববার সংসদে বলেন, "যেখানে হাজার হাজার কোটি টাকার শিল্প কারখানা করে গ্যাসের অভাবে সেগুলো চালু করা যাচ্ছে না। সেখানে এই মনু মোহাম্মদরা বলছেন, এই গ্যাস তোলা যাবে না।"
বাজেটের সমালোচকদের প্রতি ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, "দেশে কয়েক প্রকার বিশেষজ্ঞ রয়েছে। এক দল আছেন যারা আসলেই বিশেষজ্ঞ, আর কিছু লোক আছে বিশেষভাবে অজ্ঞ- বিশেষজ্ঞ। আরেকদল আছে, তারা বিশেষ কারণে অজ্ঞ। আর একদল সবজান্তা বিশেষজ্ঞ।"
প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে বৈঠকের সভাপতি মুজিবুল হক 'সুন্দর বক্তব্য' দিয়েছেন উল্লেখ বলেন, "জ্ঞানগর্ভ আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২৩৫২ ঘ.
bdnews24