ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুঃস্থ ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়ার জন্য বাজেটে ৩৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানে ৬৮ কোটি ৪৫ লাখ ১২ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।
২০১১-১২ অর্থবছরের বাজেটে এসব প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব করেন তিনি।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় এ বিষয়ে বলেন, দুঃস্থ ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তাই তাদের জন্য সম্মানী ভাতা কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। খুব দ্রুত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন করে সব অসচ্ছল মুক্তিযোদ্ধাকে এ ভাতা কার্যক্রমের আওতায় আনা হবে। এর মাধ্যমে দেড় লাখ মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হবে।
তিনি আরো উল্লেখ করেন, রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার পরিমাণ গত দুবছরে ২০ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরেও এ ভাতা কার্যক্রম অব্যাহত থাকবে।
যুদ্ধাহত ও শহীদ পরিবারের ২৫ হাজার সুবিধাভোগীকে রেশন দেওয়ার জন্য বাজেটে ২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
এছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট উদ্ধার পরিকল্পনার আওতায় আর্থিক সুবিধা প্রদানে বাজেটে ৮০ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় এ সম্পর্কে বলা হয়, এই ট্রাস্টকে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে আগামী তিন অর্থবছরে এ আর্থিক সুবিধা দেওয়া হবে।
এর ফলে ২০১৪ সাল থেকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়ে মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন মুহিত।
মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৯১৮ ঘ.
bdnews24