ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বাজেট ঘোষণার দিনে ঢাকার পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে। এদিন সাধারণ সূচকে যোগ হয়েছে ৪০ পয়েন্ট। তবে মোট লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচক বেশ খানিকটা উঠলেও এরপর চলে ওঠানামার মধ্য দিয়ে। দুপুর দেড়টার পর এক ঘণ্টায় সূচক প্রায় ৪৫ পয়েন্ট পড়ে গেলেও এরপর আবারো উঠতে থাকে।
দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৯৮৯ দশমিক ৮১ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৪০ দশমিক ৬৮ পয়েন্ট বেশি।
বুধবার সাধারণ সূচক বেড়েছিলো ৭ পয়েন্ট।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৬৬৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেনের পরিমাণ ছিলো ৭৭১ কোটি টাকা।
লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১০৬টির এবং বাকি ১২টির দাম ছিলো অপরিবর্তিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/জেকে/১৬০০ ঘ.
bdnews24