ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে কারসাজির ঘটনার তদন্ত প্রতিবেদনে উঠে আসা অতিমূল্যায়িত ৫০টি কোম্পানির বিষয়ে অধিকতর তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
নাটোর-৩ আসনের সাংসদ জুনাইদ আহমেদ পলকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "পুঁজিবাজারে কারসাজির তদন্ত প্রতিবেদনে শেয়ার মূল্যায়নে গত দুই বছরে শীর্ষ ৫০টি কোম্পানির বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে।"
ওই প্রতিবেদনটি কোনো ধরনের সম্পাদনা ছাড়াই জনসম্মুখে প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদনের পর্যবেক্ষণের আলোকে সরকার অতিরিক্ত আরো ১১টি পদক্ষেপ গ্রহণ করছে। এরমধ্যে রয়েছে- গত বছরের ডিসেম্বর এবং এ বছরের জানুয়ারিতে কয়েকটি কোম্পানি ও শীর্ষ বিক্রেতার কেওয়াইসি পরীক্ষা, ২০০৯ ও ২০১০ সালে শেয়ার অতি মূল্যায়নে শীর্ষ ৫০টি কোম্পানির বিষয়ে অধিকতর তদন্ত, মো. আবদুস সালামের এবং শামীমা শরীফের শেয়ার ব্যবসার তদন্ত, ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের সিরিয়াল ট্রেডিংয়ের কারণে আবু সাদাত মোহাম্মদ সায়েম গং-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
বিকাল সাড়ে ৫টার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
প্রতিবেদনে প্রাথমিকভাবে স্বল্প সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলেও জানান মুহিত।
"তবে তদন্ত প্রতিবেদনের সুপারিশ প্রেক্ষিতে ১৪টি বিষয়ে অধিকতর তদন্তে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তা শেষ হলে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা যাবে।"
ভবিষ্যতে পুঁজিবাজারে যেন অস্বাভাবিক উত্থান-পতনের পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট আইন কানুন দ্রুত সংষ্কার, সংশোধন, উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন, পুজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বাড়ানোসহ সরকার নয়টি পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান অর্থমন্ত্রী।
সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে মুহিত জানান, শেয়ারবাজার কেলেঙ্কারি রোধ এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষার জন্য সরকার সিকিউরিটি অ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠন, এসইসির ২ জন নির্বাহী পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, সিকিউরিটিজ আইন ভঙ্গের অপরাধে কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরসহ সরকার ১৪টি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
'অন্যান্য দেশের তুলনায় পুঁজিবাজার স্থিতিশীল'
কুমিল্লা-১ আসনের সাংসদ সুবিদ আলী ভুঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত জানান, বিশ্বের অন্যান্য দেশের পুঁজিবাজারের পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের বর্তমান পুঁজিবাজার পরিবেশ স্বাভাবিক বা স্থিতিশীল রয়েছে বলে সরকার মনে করে।
"বরং গত ৫ ডিসেম্বর বাজার পরিস্থিতিই (ডিএসই সাধারণ সূচক-৮৯১৮ দশমিক ৫১, বাজার মূলধন-৩৬৮০ দশমিক ৭১ বিলিয়ন টাকা এবং জিডিপির অনুপাতে বাজার মূলধন-৫৩ দশমিক ১৬) ছিল অস্বাভাবিক।"
অর্থমন্ত্রী বলেন, গত ডিসেম্বরের পরিস্থিতির যেন পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সরকার সচেতন রয়েছে এবং এ লক্ষ্যে অবিলম্বে, স্বল্প ও মধ্য মেয়াদে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে/করছে।
তানভীর শাকিলের এক সম্পূরক প্রশ্নের জবাবে মুহিত জানান, শেয়ারবাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগ আর বাড়ানো হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/পিডি/১৯১৫ ঘ.
bdnews24