ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিটেন্স হিসাবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি অর্থ দেশে আসলেও প্রবাসীদের পাঠানো এই আয়ের প্রবৃদ্ধি কমেছে।
সোমবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি ২০১০-১১ অর্থবছরের জুলাই-মে সময়ে প্রবাসী বাংলাদেশীরা সবমিলিয়ে এক হাজার ৬০ কোটি ৬২ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। আর ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে এক হাজার ৯ কোটি ৫৩ লাখ ডলারের রেমিটেন্স এসেছিল।
এই হিসাবে চলতি অর্থবছরে প্রথম ১১ মাসে রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ। কিন্তু গত অর্থবছরের জুলাই-মে সময়ে রেমিটেন্স প্রবৃদ্ধির হার ছিল প্রায় ১৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে রেমিটেন্স হিসেবে দেশে এসেছে ৯৯ কোটি ৩২ লাখ ডলার। আর গত এপ্রিল মাসে এসেছিল ১০০ কোটি ২০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসে প্রবাসীরা বাংলাদেশিরা ৯০ কোটি ৩০ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন।
চলতি অর্থবছর সবচেয়ে বেশি রেমিটেন্স আসে মার্চ মাসে, ১১০ কোটি ৩০ লাখ ডলার। এক মাসের হিসাবে এটাই সর্বোচ্চ রেমিটেন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৮৫৪ ঘ.
bdnews24