২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রদর্শিত অর্থ উন্মুক্ত করার ব্যবস্থা নেওয়ার আহ্বান

কর আদায় বাড়ানোর জন্য অপ্রদর্শিত অর্থনৈতিক কার্যাবলী উন্মুক্ত করার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে একটি বেসরকারি সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর আদায় বাড়ানোর জন্য অপ্রদর্শিত অর্থনৈতিক কার্যাবলী উন্মুক্ত করার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে একটি বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থা ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্র"প বাংলাদেশ (ইক্যুইটি বিডি) সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বনাম দরিদ্রবান্ধব রাজস্ব আদায় কৌশল শীর্ষক আলোচনা সভায় সরকারের কাছে এ দাবি জানায়। সংস্থাটির মতে, বাংলাদেশে অপ্রদর্শিত অর্থের পরিমাণ জিডিপি'র প্রায় ৩৭ শতাংশ। এই অপ্রদর্শিত অর্থনৈতিক কার্যাবলীর কারণে সরকার প্রতি বছর মোট জিডিপির তিন শতাংশ প্রত্যক্ষ করপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। ইক্যুইটি বিডির প্রধান সমন্বয়ক রেজাউল করীম বলেন, বর্তমানে জিডিপির ২৫ শতাংশ বিনিয়োগ হচ্ছে এবং বার্ষিক প্রবৃদ্ধির হার ১২-১৩ শতাংশ। তিনি জানান, এ প্রবণতা অব্যহত থাকলে ২০১৫ সালের মধ্যে বিনিয়োগের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হতে পারে ১১ হাজার ৮৮৩ দশমিক ১৬ বিলিয়ন টাকা। এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বার্ষিক ১৯ দশমিক ৭৮ শতাংশ হারে বিনিয়োগ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। যার বেশির ভাগই নির্ভর করছে অভ্যন্তরীণ সম্পদ বিনিয়োগের উপর। তিনি বলেন, অভ্যন্তরীণ সম্পদ বিনিয়োগের জন্য রাজস্ব বিভাগের সংস্কার ও দূর্নীতি বন্ধ করা সরকারের অগ্রাধিকার কর্মসূচি হওয়া উচিত। এছাড়া কর ন্যায়পাল নিয়োগের কার্যক্রমও পুনরায় শুরু করতে হবে। রাজস্ব আয়ের লক্ষ্যে সরকারকে প্রত্যক্ষ করের আওতা বাড়াতে হবে তথ্য দিয়ে তিনি বলেন, কর আদায়ের পরিমাণ বাড়ানোর জন্য অপ্রদর্শিত অর্থনৈতিক কার্যাবলী উন্মুক্ত করার ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন অডিট প্রতিষ্ঠান আয়কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে সহায়তা করছে বলেও অভিযোগ করেন তিনি। সভায় অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আশরাফ বলেন, ট্যাক্সের টাকায় সেবামূলক প্রকল্প গ্রহণ করা না হলে জনগণ কর দেওয়ায় উৎসাহী হবে না। ট্যাক্স প্রশাসনে কর্মরতদের পেশাগত দক্ষতা, সততা ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান এই সাংসদ। সভায় অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদসীয় স্থায়ী কমিটির সদস্য মো. তাজুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ইক্যুইটি বিডির প্রধান সঞ্চালক রেজাউল করীম বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/১৬৫৬ ঘ.