২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাজেটে পুঁজিবাজারের জন্য ক্ষতিকর কিছু থাকছে না'

আহম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করার মতো কোনো ঘোষণা বাজেটে আসবে না বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আহম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো পদক্ষেপ বাজেটে নেওয়া হবে না বলে তাকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুস্তফা কামাল বুধবার সংসদ ভবনের প্রচার কক্ষে সাংবাদিকদের বলেন, "পুঁজিবাজারের বিরুদ্ধে যায় এমন কোনো পদক্ষেপ নেবেন না বলে অর্থমন্ত্রী আমাকে নিশ্চিত করেছেন। "বাজেট নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে এবং মন্ত্রণালয়ের কাছে ৫১টি সুপারিশ পাঠানো হয়েছে।" কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। বৈঠকে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংসদ সদস্য মোহাম্মদ আলী, একেএম মাইদুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজি, অর্থসচিব মোহাম্মদ তারেক, ব্যাংকিং সচিব শফিকুর রহমান পাটোয়ারী, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান মো. খায়রুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিআইএন বাধ্যতামূলক না করার সুপারিশ কামাল বলেন, বিও অ্যাকাউন্টের জন্য টিআইএন বাধ্যতামূলক না করার এবং পুঁজিবাজারে নতুন কোনো কর আরোপ না করার সুপারিশ করেছে কমিটি। বিও অ্যাকাউন্টের জন্য কোনো কর না রাখার এবং ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগের লভ্যাংশের ওপর নির্ধারিত কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনার সুপারিশ করেছে স্থায়ী কমিটি। কামাল বলেন, "প্রিমিয়াম আয়ের ওপর যে তিন শতাংশ কর রয়েছে আমরা তা প্রত্যাহারের প্রস্তাব করেছি।" পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিয অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) 'সত্যিকার নিয়ন্ত্রক' করতে এর সক্ষমতা ও মানবসম্পদ বাড়ানো দরকার বলে মত দেন কামাল। ডিমিউচুয়ালাইজেশন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সময় নির্ধারণ করতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সঙ্গে বসবে এসইসি। তিনি আরো বলেন, শেয়ার বাজার এখন একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে এবং এক সময় এটি আবার স্বাভাবিক হবে। নতুন এসইসি সক্রিয় হলেই বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবেন। কামাল বলেন, অর্থমন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ কমিটি সুপারিশ করেছে, কোম্পানিগুলো সম্পর্কে অধিক তথ্য জানতে নিয়মিত অডিটের পাশাপাশি বিশেষ অডিটের ব্যবস্থা থাকা উচিৎ। আগামী বৈঠকে পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন ও পুঁজিবাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। করমুক্ত আয়ের সীমা বাড়ানোর সুপারিশ বৈঠকে কর প্রদানে উৎসাহ এবং কর প্রদানকারীর সংখ্যা ও কর আদায়ের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে আসন্ন বাজেটে বিদ্যমান ব্যক্তিশ্রেণীর করের হার ২৫ ভাগ থেকে অন্তত ২৪ ভাগে নামিয়ে আনার প্রস্তাব করা হয় বলে জানান মুস্তফা কামাল। তার মতে, পর্যায়ক্রমে এ করসীমা ২০ শতাংশে নামিয়ে আনা উচিত। তিনি বলেন, বিগত দুই বছরের মুল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমানা এক লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। কামাল বলেন, "কর ফাঁকির প্রবণতা রোধ ও কর আদায়ের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে ব্যাংক, ইন্সুরেন্স এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর বর্তমান বিদ্যমান করের হার ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশে এবং তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।" বৈঠকে বর্তমানে সঞ্চয়পত্র থেকে পাওয়া সুদের ওপর ১০ শতাংশ কর কর্তনের যে বিধান বিদ্যমান তা চূড়ান্ত দায় হিসেবে পরিগণিত করা এবং ডিবেঞ্চার ও বন্ড থেকে পাওয়া সুদের ওপর থেকে ১০ শতাংশ কর কর্তনের ব্যবস্থাটি সম্পূর্ণভাবে অব্যাহতি না করা গেলেও অন্তত অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব করা হয়। বৈঠকে সরকার অনুমোদিত সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলি) কার্যক্রমে অর্থ ব্যয়ের ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান ১০ শতাংশ কর বেয়াতের ব্যবস্থাকে ৫০ শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়। কর অবকাশ মেয়াদ শিল্পায়নকে উৎসাহিত করতে কর অবকাশ সুবিধা সব দেশেই একটি জনপ্রিয় ব্যবস্থা- এ কথা উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি কামাল বলেন, "অবস্থার প্রেক্ষিতে এ ব্যবস্থা অব্যাহত রাখার প্রস্তাব করেছি আমরা।" বিদ্যমান কর অবকাশ সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। কামাল বলেন, "৩০ কোটি টাকা বিনিয়োগ হলে বা অনুন্নত অঞ্চলে একশ' কর্মী নিয়োজিত থাকলে সে কোম্পানি কর অবকাশ সুবিধা পাবে। তবে কোম্পানিকে অবশ্যই পুঁজিবাজারে বিনিয়োগ ৩০ শতাংশে উন্নীত করতে হবে।" ডিপোজিট পেনশন স্কিম সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বলেন, ডিপোজিট পেনশন স্কিম থেকে ১০ শতাংশ অগ্রীম আয়কর নেওয়া হয়। "রাষ্ট্রীয় ব্যাংকগুলো এ ব্যবস্থার আওতার বাইরে রয়েছে। সব ব্যাংকের সমান সুবিধা পাওয়া উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিএনবি/এএইচ/পিডি/১৯৪০ ঘ.